২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি, কারণ নিয়ে ধোঁয়াশা

‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে’ উল্লেখ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 10:00 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী স্বাক্ষরিত এক আদেশে তাকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি দ্বিতীয় নারী অধ্যাপক যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা হয়েছিলেন। আন্তর্জাতিক নারী দিবসের দিনে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হল।

তবে অব্যাহতি পাওয়া ড. লায়লা আরজুমান বানু বরছে ভিন্ন কথা।

তার দাবি, স্কুলছাত্রীর শ্লীলতাহানির মামলার আসামি রাবি স্কুলের এক শিক্ষককে বাঁচানোতেই তাকে ছাত্র উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ অব্যাহতির কারণ সম্পর্কে বিস্তারিত জানতে ফের যোগাযোগ করা হলে রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী বলেন, এ বিষয়ে যা দেওয়া তা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অব্যাহিতপত্রে বলা হয়েছে,‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অধ্যাপক লায়লা আরজুমান বানুকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার পদ থেকে অব্যহতি দেওয়া হলো। সেই সঙ্গে এই পদে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।’

গত ২০ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্কুল শিক্ষক দুরুল হুদার সাময়িক বরখাস্ত নিয়ে এক রিট আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানসহ ১১ জনের বিরুদ্ধে হাইকোর্ট থেকে একটি নোটিশ আসে।

ড. লায়লা বলেন, “এর প্রেক্ষিতে আমাকে উপাচার্য ডেকে বলেন, ‘এই রিট তুমি করেছ। এটা প্রশাসন বিরোধী কাজ। তাই তুমি প্রশাসনে থাকতে পারো না। তোমার এখানে থাকার অধিকার নেই।’

“শেষে আবার বলেছেন যে, ‘তুমি ঠিক মতো দায়িত্ব পালন করছ না। এরপর আমাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

গণমাধ্যমে প্রকাশিত এক খবরের ভিত্তিতে করা রিটের রায়ে গত ২০ ফেব্রুয়ারি ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। আদেশে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শ্লীলতাহানির শিকার ছাত্রীটির স্কুলে আসা-যাওয়া নির্বিঘ্ন করার এবং নিরাপত্তা নিশ্চিত করারও জন্যও নির্দেশ দেয়।

অভিযোগটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করতেও বলে আদালত। পরে হাইকোর্টের রিটের আদেশ পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে প্রায় চার মাস পর গত বুধবার সাময়িক বরখাস্ত করে।

মামলায় অভিযোগে দেওয়া ঘটনার বিবরণে বলা হয়েছে, গত বছরের ১৬ অক্টোবর রাতে ছাত্রীর বাসায় পড়াতে আসেন দুরুল হুদা। পড়া শেষে বাড়ি দেখার নাম করে ছাত্রীকে স্টোররুমে নিয়ে শ্লীলতাহানি করেন তিনি। এ সময় ছাত্রীর চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসলে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় দুরুলকে গ্রেপ্তার করা হলেও প্রায় দুই মাস পর গত ১৫ ডিসেম্বর জামিনে ছাড়া পান। গত ২৬ ডিসেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।

জামিনের পর ওই শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত আসা-যাওয়া করায় ভুক্তভোগী মেয়েটি দুই মাস ধরে বিদ্যালয়ে আসতে পারছে না বলে অভিযোগ করে আসছে তার অভিভাবক।

তবে গত ১৯ ফেব্রুয়ারি দুরুল হুদা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ওই ছাত্রীর বাবা-মা তাদের বড় মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। তাতে সাড়া না দেওয়ায় মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।

অব্যাহতির বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে ফোন দিয়ে পাওয়া যায়নি।

পুরনো খবর:

ছাত্রীর ‘শ্লীলতাহানি’, অবশেষে রাবি স্কুলের সেই শিক্ষক বরখাস্ত