২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে ‘ডাকাতের’ পিটুনিতে গৃহস্বামী নিহত  

যশোরের অভয়নগরে মুখোশধারী ‘ডাকাতের’ পিটুনিতে এক ব্যক্তি নিহত ও পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2021, 07:55 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

উপজেলার চলিশিয়া গ্রামে সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে।

নিহত দেবাশীষ কুমার সরকার সঞ্জয় (৪৩) ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কাঠ ব্যবসায়ী।

আহতরা হলেন নিহতের মা মিনতি সরকার, স্ত্রী নিপা সরকার ও মেয়ে দেবিকা সরকার।  

তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিপা সরকারকে (৬২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চলিশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, ভোররাতে ৫/৭ জন মুখোশধারী ‘ডাকাত’ সঞ্জয়ের বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

“তারা সঞ্জয়ের কাছে আলমারির চাবি চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এই সময় তারা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।”

নাদির হোসেন আরও বলেন, ওই সময় তার স্ত্রী নিপা, মা মিনতি ও মেয়ে দেবিকা বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও রড দিয়ে পেটায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

“তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সঞ্জয় মারা যান।”

অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “চুরি না ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে সঞ্জয় ওই চক্রের কাউকে চিনে ফেলায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।”

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।