গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে জেলা প্রশাসনের ৫ লাখ টাকার অনুদান
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে জেলা প্রশাসন।
জেলার ডিসি শাহিদা সুলতানা সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশ্রম কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
আশুতোষ বিশ্বাস নামে এক ব্যক্তি নিজ উদ্যোগে বৃদ্ধাশ্রমটি গড়ে তুলেছেন।
২০ বছর আগে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করনে জানিয়ে আশুতোষ বলেন, “প্রথম দিকে ভিক্ষা করে বৃদ্ধাশ্রম পরিচালনা করেছি। এখন না চাইতেই বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে অনেক অনুদান দিয়েছেন। তা দিয়ে বৃদ্ধাশ্রমের উন্নয়ন কাজ করেছি। এ বৃদ্ধাশ্রমে অনেক সংকট রয়েছে। তার পরও আমরা বৃদ্ধাশ্রমটির কাজ চালিয়ে নিয়ে যাচ্ছি। বর্তমানে এখানে ২৩ জন বৃদ্ধ নারী-পুরুষ রয়েছেন। তাদের সেবা করেই আমার জীবন কাটছে।”
ডিসি শাহিদা সুলতানা বৃদ্ধাশ্রমটি পরিদর্শণ করেছেন জানিয়ে বলেন, “আমি বৃদ্ধাশ্রমে গিয়ে অভিভূত হয়েছি। আশুতোষ একটি মহৎ কাজ করে যাচ্ছেন। এ কাজে সমাজের বিত্তবানদের সহায়তা কারা উচিত। আমরা বৃদ্ধাআশ্রম ভালভাবে পরিচালনা করতে পাঁচ লাখ টাকার অনুদান দিচ্ছি।
“আরও একজন এখানে এক লাখ টাকা দিতে চেয়েছেন। এভাবে আরও লোকজন অনুদানের হাত বাড়িয়ে দিলে বৃদ্ধাশ্রমটির উন্নয়ন হবে।”
অতিরিক্ত ডিসি (সার্বিক) মো. ইলিয়াসুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে ছিলেন।
