২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে চার হাজার কেজি জাটকাসহ আটক ১৩

মুন্সীগঞ্জে চার হাজার কেজি জাটকাসহ ১৩ জনকে আটক করেছে মৎস্য বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2021, 07:52 PM

Updated : 02 Aug 2022, 05:37 PM

রোববার সদর উপজেলার মুন্সীরহাট, উত্তর চরমশুরা, রমজানবেগসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাটকা পরিবহন ও সংরক্ষণের অভিযোগে তাদের আটক করা হয়।

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে মৎস্য অফিস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা মাছ জব্দ করে।

জেলা মৎস্য কর্মকর্তা ডা. আব্দুল আলীমের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।

আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ মেজবাহ্ উল সাবেরিন।