২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষককে কান ধরানো’ মধুখালীর ওসির তাৎক্ষণিক বদলি

ফরিদপুরে ছেলের প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক বাবাকে কান ধরানোর অভিযোগ ওঠা মধুখালী থানার ওসি আমিনুল ইসলামকে ‘তাৎক্ষণিক বদলি’ করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2021, 08:35 PM

Updated : 07 Apr 2022, 10:54 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে তার এ বদলি কার্যকরের পর তিনি এলাকা ছাড়েন।

মধুখালী থানার উপ-পরিদর্শক চম্পক বড়ুয়া বলেন, সকাল ১০টার দিকে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্তি হওয়ার আদেশ পাওয়ার পরপরই বেলা ১১টার দিকে থানা ত্যাগ করেন ওসি আমিনুল।

“তিনি মধুখালীতে একাই বসবাস করতেন।”

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, জনস্বার্থে ওসি আমিনুলকে ঢাকা রেঞ্জ অফিসে তাৎক্ষণিকভাবে সংযুক্ত করা হয়েছে।

“তার (ওসি) বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সর্বশেষ এক শিক্ষককে কান ধরে দাঁড় করিয়ে রাখার মতো গুরুতর অভিযোগও এসেছে। অভিযোগগুলি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।”

২০১৯ সালের ২১ নভেম্বর মধুখালী থানায় ওসি হিসেবে যোগ দেন আমিনুল ইসলাম।

সম্প্রতি এক প্রেমের ঘটনায় ছেলের বাবা এক শিক্ষককে থানায় ডেকে এনে পেটানোর এবং কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠে বলে জানায় এলাকাবাসী।