২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাস নেই

নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাস আর নেই।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 07:05 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় শহরের পার নওগাঁর নিজ বাসভবনে ৭৫ বছর বয়সে তিনি মারা যান। একইদিন দুপুরে নওগাঁ মহাশ্মশানে তার মরদেহের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

তিনি অ্যাজমা, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে স্বজনরা জানান।

খ্যাতিমান এই সাংবাদিক স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি, নাতনি, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক বিশ্বনাথ দাসের ছেলে সুবীর দাস জানান, তার বাবা দৈনিক জনতা, দৈনিক করতোয়া, দৈনিক প্রথম সংবাদ, ম্যাগাজিন অপরাধ অনুসন্ধানসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সুনামের সঙ্গে কয়েক দশক কাজ করেছেন।

সবশেষ তিনি ম্যাগাজিন অপরাধ অনুসন্ধান ও দৈনিক প্রথম সংবাদের সিনিয়র স্টাফ রির্পোটার হিসেবে কর্মরত ছিলেন বলে তিনি জানান।

এছাড়া তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সহসভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রানার নাট্য সংসদ, নওগাঁ করনেশন হল সোসাইটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।

দুপুরে নওগাঁ মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সদস্যরাসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাংবাদিক বিশ্বনাথ দাসের মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ হাসান সিদ্দিকী ম্বপন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা ইউনিটের সমন্বয়কারী সাদেকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।