২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজার-ঘাটে মুখে মাস্ক নেই, মসজিদে না পরে আসলি যত সমস্যা’

যশোরের শার্শায় ‘নো মাস্ক, নো এন্ট্রি’ স্লোগান শুধু বাতাসেই ভেসে বেড়াচ্ছে; বাজার থেকে শুরু করে মসজিদ সব জায়গায় খুব কম মানুষই স্বাস্থ্যবিধির সতর্কতা মানছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2020, 11:25 AM

Updated : 10 Oct 2022, 07:34 PM

উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে মানুষজনকে কাছে ‘কেন মাস্ক পরছেন না’ প্রশ্ন করলে নানা অজুহাত দিচ্ছেন তারা।

বাগআচড়া বাজারে দু’জন মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলেন। তাদের মধ্যে দূরত্বের বালাই ছিল না।

মাস্ক নিয়ে প্রশ্ন করলে তাদের একজন মুনছুর আলি বলেন, “কথা বল্লি বুঝতি পারে না, তাই মাস্ক খুলে কথা বলছি, কথা শেষ হলিই পরছি।”

গত ১১ নভেম্বর কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ‘শতভাগ মাস্ক পরিধান’ নিশ্চিতকরণে প্রতীকী প্রচারণা চালানো হলেও তার প্রতিফলন নেই যশোরের শার্শা উপজেলায়। 

উপজেলার জনবহুল একাধিক কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, মাস্ক ছাড়া মানুষের সংখ্যা অনেক। বাজারে অনেক ক্রেতা-বিক্রেতার মুখেও মাস্ক নেই।

যাদের সঙ্গে মাস্ক দেখা গেল, তারাও অনেকে থুতনিতে কিংবা কানের সাথে ঝুলিয়ে রেখেছেন। গ্লাভস দেখা গেল না কারো হাতে।

ধর্ম মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কঠোর নির্দেশনার পরও বেশির ভাগ মসজিদে মুখে মাস্ক ছাড়াই অনেকে নামাজ পড়তে আসছেন।

জামতলা জামে মসজিদে তাদের মতো একজন আকবর আলি (৫২) বলেন, “করোনা কি সব মসজিদি? বাজার ঘাটে লোক ঘুরে বেড়াচ্ছে তাদের মুখে মাস্ক নেই। তাতে কিচ্ছু হচ্ছে না, মসজিদে মাস্ক পরে না আসলি যত সমস্যা!”

মাস্ক না পরার নানা বিচিত্র কারণের কথাও বলেছেন অনেকে।

বেনাপোলের আজগার আলি (৫৫) বলেন, “একটু কাশি হয়েছে তো, তাই মাস্ক পরছি না। মাস্ক পরলি দম লাগে।”

গত মার্চ-এপ্রিলে উপজেলার বেনাপোল, শার্শা, নাভারন, বাগআচড়া বাজারে ঘোরাঘুরি করা মানুষের মুখে মাস্ক দেখা গেলেও, এখন যখন করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা শুরুর আশঙ্কা করা হচ্ছে, তখন মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব না মানা, গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রীবহনের প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

স্থানীয় কলেজ শিক্ষক খলিলুর রহমান বলেন, চলতি বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের নিয়মিত টহল ছিল। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো, কিন্তু সেসব এখন অনেকটাই অনুপস্থিত। সে কারণে মানুষের মধ্যেও গরজ কম।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শার্শার উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন , উপজেলার সব জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে নিয়মিত। আইন না মানায় অনেককে জরিমানাও করা হচ্ছে। মানুষকে সচেতন করতে চালানো হচ্ছে প্রচার।

“সবচেয়ে বড় কথা, মানুষ সচেতন না হলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সম্ভব না।”