২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক ইলিয়াস হত্যার আসামি গ্রেপ্তার দাবিতে অনশন

নারায়ণগঞ্জের সাংবাদিক ইলয়াস হোসেন হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে প্রতীকী অনশন করেছেন তার সহকর্মীরা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2020, 10:40 PM

Updated : 25 Jul 2022, 07:07 PM

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

চলতি বছরের ১১ অক্টোবর রাতে বন্দর উপজেলার আদমপুর এলাকায় সাংবাদিক ইলিয়াস হোসেনকে কুপিয়ে হত্যা করে একদল হামলাকারী্।  

এই ঘটনায় ওইদিন রাতেই পুলিশ ধারালো চাকুসহ তিনজনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় নিহত ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে বন্দর থানায় আট জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

সম্মিলিত সাংবাদিক জোট আহ্বায়ক মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বন্দর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিএম মাসুদ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিত মোদক, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহিন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম, ডিইউজের সদস্য মাহফুজুল আলম জাহিদ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সম্মিলিত সাংবাদিক জোটের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী ও সাব্বির আহমেদ সেন্টু। পরে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করানো হয়।

প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় চিহ্নিত ‘সন্ত্রাসীরা’। ঘটনার পরপরই এলাকাবাসী রক্তমাখা ছুরিসহ হত্যাকারী তুষারসহ তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে। এরপর বন্দর থানা পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। ফলে দাবির মুখে মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মামলাটি হস্তান্তর করা হলেও তারা কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

আগামী সাত দিনের মধ্যে পলাতক আসামিদের গ্রেপ্তার না করলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।