২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামাল লোহানী স্মরণে অনুষ্ঠান নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে নানা আয়োজনে খ্যাতিমান লেখক-সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত কামাল লোহানীকে স্মরণ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2020, 10:32 PM

Updated : 18 Aug 2022, 04:05 PM

শুক্রবার বিকালে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী জেলা সংসদ এই স্মরণসভার আয়োজন করে।  

অনুষ্ঠানের শুরুতে কামাল লোহানীর প্রতিকৃতিতে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

কামাল লোহানীর উপর আখ্যান পাঠ করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়।

আলোচনা সভা শেষে কামাল লোহানীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উদীচীর জেলা সভাপতি জাহিদুল হক দীপুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাবেক জেলা সভাপতি জিয়াউল ইসলাম কাজল।

বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, কামাল লোহানীর ছেলে সাগর লোহানী, মেয়ে বন্যা লোহানী, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সদস্য একরাম হোসেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মঞ্জুশ্রী দাস গুপ্ত, খেলাঘর আসর সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, ন্যাপ জেলা সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সমমনা সভাপতি দুলাল সাহা, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, উদীচী জেলা সাধারণ সম্পাদক পলাশ দে প্রমুখ।

বক্তারা কামাল লোহানী জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তার স্বদেশ প্রেম, সাংস্কৃতিক আন্দোলন প্রভৃতি স্মরণ করেন।

রফিউর রাব্বি বলেন, কামাল লোহানী মানুষকে অসম্ভব ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। তিনি বিভিন্ন সরকারের সময় বৈরী পরিবেশে লড়াই করে গেছেন। কখনো আপোষ করেননি।

কামাল লোহানীর ছেলে সাগর লোহানী ও মেয়ে বন্যা লোহানী তাদের বাবার নানা সংগ্রামের কথা তুলে ধরেছেন।

উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, কামাল লোহানীকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করা সম্ভব না। মুক্তিযুদ্ধে আরেকটি সেক্টর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেই সেক্টরের কমান্ডার ছিলেন কামাল লোহানী।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ বলেন, কামাল লোহানী মৃত্যুর আগ পর্যন্ত লড়াই সংগ্রামে ছিলেন। জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে মেধা মনন দিয়ে কাজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন।