২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বীকারোক্তি আদায়ে ‘নির্যাতনের’ বিবরণ দিলেন জামিনে মুক্ত খলিল

নারায়ণগঞ্জে ‘ধর্ষণ-হত্যার দায়’ স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়া তিন আসামির মধ্যে নৌকার মাঝি খলিলুর রহমান জামিনে মুক্ত হয়ে বলেন, ‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে মিথ্যা স্বীকারোক্তি’ দিতে তাকে বাধ্য করেন মামলার তদন্ত কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2020, 03:12 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

এছাড়া থানায় পুলিশের নির্যাতনের কারণে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলেও তিনি অভিযোগ করেছেন। বুধবার জামিনে মুক্ত হওয়ার পর খলিল সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

গত ৪ জুলাই নারায়ণগঞ্জের এক কিশোরী নিখোঁজ হওয়ার পর পরিবার সদর থানায় মামলা করে। এ ঘটনায় খলিলসহ তিন আসামি ‘ধর্ষণ-হত্যার দায়’ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে ওই কিশোরী ফিরে এলে জামিন পান খলিল। তবে অন্য দুই আসামির জামিন হয়নি এখনও।

খলিলের অভিযোগ, তাকে নির্যাতন করে আদালতে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছেন ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আল মামুন।

“আমার হাত-পা রশি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে  মুখে গামছা বেঁধে অনবরত মুখে পানি ঢালছে। পানি ঢালার কারণে দম বন্ধ হয়ে যেত। মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য বারবার মুখে গামছা বেঁধে পানি ঢেলে নির্যাতন করেছে। যদি স্বীকারোক্তি না দেই তাহলে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়। এভাকে যদি কাউকে নির্যাতন করা হয় তাহলে যে কেউ মারা যাবে।  আমাকে মারধর, টচার্র করে—তিন দিন থানার লকআপে আটকে রেখে নিযার্তন করে শেখানো স্বীকারোক্তি দিতে বাধ্য করে।”

খলিল বলেন, গত ৮ অগাস্ট তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কোনো কারণ বলা হয়নি।

‘ধর্ষণ-হত্যায়’ স্বীকারোক্তির পর জীবিত ফেরা: তদন্ত কর্মকর্তা বরখাস্ত 

নিহত’ কিশোরীর জীবিত ফেরা: এক আসামির জামিন

“এসআই শামীম স্যার এসে আমাকে ধরে নিয়ে যায়। সদর থানায় আমার সামনে দুই ছেলেকে (আব্দুল্লাহ্ ও রকিব) দেখিয়ে বলে, ‘তুই ওদের চিনিস?’  তখন আমি বলি তাদের আমি চিনি না। তখন আমাকে মারধর শুরু করেন শামীম স্যার।  আমি ওই দুই ছেলে ও কিশোরীকে চিনি না।  জীবনে তাদের দেখি নাই। তবু শামীম স্যার আমাকে মারধর করেন আর বলেন, ‘তুই মিথ্যা কস।’ এভাবে আমাকে থানার লকআপে তিন দিন আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়।”

খলিল পরিবার নিয়ে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একরামপুর এলাকায় ধনু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

বাসা থেকে পাঠানো খাবারও খলিলকে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

খলিলের বাবা আব্দুল গফুর বলেন, “দুই দিন থানায় ভাত দিয়েছি। পরের দিন ভাত নিয়ে গেলে রাখেনি পুলিশ। পুলিশ আমাগো দেখা করতেও দেয় নাই।”

খলিল এখন অসুস্থ বলে তিনি নিজে ও তার পরিবার জানিয়েছে।

খলিলের স্ত্রী শারমিন বেগম বলেন, খলিল বুধবার জামিনে মুক্ত হওয়ার পর তাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়েছিলেন।

“এক্স-রে ও অন্য বিভিন্ন পরীক্ষা দিয়েছে। কিন্তু অনেক টাকা লাগবে দেখে পরীক্ষা না করিয়ে বাড়িতে ফেরত নিয়ে এসেছি। আগে থেকেই তার অসুখ ছিল। মারধর করে আরও অসুস্থ বানিয়ে ফেলেছে।”

শারমিন বলেন, প্রতিবন্ধী এক মেয়েসহ তিন মেয়ে নিয়ে তার পরিবার। স্বামীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগ সম্পর্কে সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খলিলকে ৮ অগাস্ট বিকেলে আটক করেন এসআই শামীম। পরদিন আদালতে পাঠানো হলে খলিল স্বীকারোক্তি দেন। মারধরের অভিযোগ সঠিক নয়। 

এসআই শামীম আল মামুনও অভিযোগ অস্বীকার করেছেন।

‘নিহত’ কিশোরীর জীবিত ফেরা: আদালতে পুলিশের ব্যাখ্যা দান

‘নিহত’ কিশোরী জীবিত ফিরল কীভাবে জানতে চায় আদালত

তিনি বলেন, “নির্যাতন করার অভিযোগ মিথ্যা। তাকে তিন দিন থানায় আটকে রাখব কেন? তাকে যদি মারধর ও নির্যাতন করা হত তাহলে তো তিনি ম্যাজিস্ট্রেটের কাছে বলতে পারতেন। ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি নেওয়ার আগেও তাকে এসব বিষয়ে জিজ্ঞেস করেছেন। সেখানে তো খলিল এসব অভিযোগের কথা বলতে পারতেন।”

আলোচিত এ ঘটনায় শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করেছে পুলিশের তদন্ত কমিটি। জেলার পুলিশ সুপার ঘটনা খতিয়ে দেখার জন্য পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছেন।

গত ৪ জুলাই এক কিশোরী নারায়ণগঞ্জ শহরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। সদর থানায় মামলা করে তার পরিবার। পুলিশ খলিল, আব্দুল্লাহ্ ও রকিব নামে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে জবানবন্দি দেন। সেখানে তারা ‘অপহরণ, ধর্ষণ ও হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার’ দায় স্বীকার করেন।

ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই শামীম আল মামুন।

এদিকে ঘটনার ৫১ দিন পর ২৩ অগাস্ট ওই কিশোরী ফিরে আসে। আদালতের নির্দেশে সে এখন পরিবারের জিম্মায় আছে। ফিরে আসার পর কিশোরী আদালতে বলেছে, ইকবাল নামের এক যুবককে বিয়ে করে বন্দর এলাকার এক ভাড়া বাড়িতে সংসার পেতেছিল সে।