২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামু থানায় জব্দ শিপ্রার মালামাল র‌্যাবকে হস্তান্তরের আদেশ

কক্সবাজারে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে রামু থানার মামলায় জব্দ ইলেক্ট্রনিক ডিভাইসসহ বিভিন্ন মালামাল র‌্যাবের তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের আদেশ দিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 06:47 PM

Updated : 18 Aug 2022, 03:38 PM

বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-২) দেলোয়ার হোসেন এই আদেশ দেন বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের সহকারী পরিচালক এএসপি বিমান চন্দ্র কর্মকার।

বিমান সাংবাদিকদের বলেন, গত রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩) তামান্না ফারাহর আদালতে সিনহার বোনের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম একটি আবেদন করেন। সেখানে তিনি রামু থানায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের করা মাদক মামলায় জব্দ করা ইলেক্ট্রনিক ডিভাইসসহ ২৯টি মালামাল র‌্যাবের কাছে হস্তান্তরের আবেদন করেছিলেন। মামলার তদন্তের স্বার্থে এসব মালামাল প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।

“এর পরিপ্রেক্ষিতে আদালত জব্দ করা এসব মালামাল র‌্যাবের তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরে আদেশ দেয়।”

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, শিপ্রার বিরুদ্ধে দায়ের করা মামলায় জব্দ করা মালামাল র‌্যাবের তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর না করতে বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়।

“আদালত পুলিশের আবেদনটি নাকচ করে আগের আদেশ বহাল রাখে।”

আদালতের আদেশ মতো জব্দ করা শিপ্রার এসব মালামাল যেকোনো সময় রামু থানায় নেওয়া যেতে পারে বলে জানান বিমান চন্দ্র কর্মকার।

এদিকে রামু থানার ওসি আবুল খায়ের জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত জব্দ করা এসব মালামাল সংগ্রহ করতে র‌্যাবের কেউ থানায় আসেনি।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ।

দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া রাশেদ একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য গত প্রায় একমাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় ছিলেন। ওই কাজেই তার সঙ্গে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী সিফাত ও শিপ্রা।

পুলিশ সেদিন ঘটনাস্থল থেকেই সিফাতকে গ্রেপ্তার করে। পরে নীলিমা রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয় শিপ্রাকে।

সিনহা নিহতের ঘটনায় এবং গাড়ি থেকে মাদক উদ্ধারের অভিযোগে টেকনাফ থনায় দুটি মামলা করে পুলিশ, যাতে সিনহা এবং তার সঙ্গে থাকা সিফাতকে আসামি করা হয়। আর নীলিমা রিসোর্ট থেকে শিপ্রাকে গ্রেপ্তার করার সময় মাদক পাওয়া যায় অভিযোগ করে তার বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়। সিফাত এবং শিপ্রা দুইজনই পরে জমিনে মুক্তি পান।

পুরনো খবর:

অপপ্রচার: শিপ্রার মামলা নেয়নি কক্সবাজার সদর থানা
‘ভালো নেই’ শিপ্রা ও তার পরিবার
আমাকে আত্মহননে ঠেলে দিলে তরুণরা চুপ থাকবে না: শিপ্রা