২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

গাজীপুর সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে ভাইবোনসহ চার শিশু মারা গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 01:34 AM

Updated : 18 Aug 2022, 03:30 PM

সোমবার মির্জাপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান।  

মৃত শিশুরা হলো নেত্রকোণার বারহাট্টা উপজেলার জাওয়াইয়ের তৌহিদ মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৯), ছেলে মো. ইব্রাহিম (৬), বগুড়ার সোনাতলা উপজেলার দামরপাড়ার মো. জিয়ারুলের মেয়ে মিষ্টি (১০) এবং একই উপজেলার সুজায়েতপুরের মো. শামীমের ছেলে ফরহাদ (৬)।

তারা সসবাই মির্জাপুর পূর্বপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করত।

ওই শিশুদের পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে বৃষ্টির সময় এই চার শিশু বাসার পাশে খেলা করছিল। অনেকক্ষণ তারা বাড়ি ফিরে না গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

“সন্ধ্যায় বাড়ির পাশে একটি ডোবার পাড়ে ওই শিশুদের পায়ের জুতা দেখতে পেয়ে ডোবার পানিতে তল্লাশি চালানো হয়। সেখানে একে একে চারজনের লাশ পাওয়া যায়।”

ওসি জাবেদুল বলেন, বৃষ্টি ও তানিয়া স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। আর ইব্রাহিম ও ফরহাদ প্রথম শ্রেণির ছাত্র ছিল। তারা পরিবারের সঙ্গে মির্জাপুর পূর্বপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকত।

সন্ধ্যায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।