করোনাভাইরাস: সুস্থ ঘোষণার পর রাজশাহীতে একজনের মৃত্যু
রাজশাহীর চারঘাটে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ ঘোষণার পর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামে সোমবার সকালে মনসুর রহমান (৩৮) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১৮ পর তিনি মারা গেলেন বলে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান।
মনসুর পাবনার রুপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠানের গাড়ি চালক ছিলেন।
সরদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু জানান, করোনাভাইরাস পজেটিভ আসার পর হোম আইসোলেশনে থেকে তিনি চিকৎসা নিয়েছেন। করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১৮ দিন পর তিনি সুস্থ্ হয়েছেন বলে ঘোষণা দিয়ে স্থানীয় প্রশাসন তার বাড়ি লকডাউন খুলে দেয়। পরের দিনে তিনি মারা গেছেন।
সিভিল সার্জন বলেন, গত ২০ জুন মনসুরের সর্বশেষ নমুনা পরীক্ষায় করোনাভাইরোস পজিটিভ আসে। তবে তার হার্টের সমস্যা ছিল; চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। মনসুরের মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার সকালে রাজশাহী সিভিল সার্জন অফিসের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, রোববার রাত পর্যন্ত রাজশাহীতে ২৬০ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ৫৯ জন। মারা গেছেন চারজন।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরে ১৩৯ জন। এছাড়াও বাঘায় ১৫ জন, চারঘাটে ১৫ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুর ৭ জন, বাগমারায় ১৩ জন, মোহনপুরে ২৩ জন, তানোরে ১৭ জন, পবায় ১৭ জন ও গোদাগাড়ীতে ২ জন রয়েছেন।
ডা. এনামুল বলেন, এখন পর্যন্ত জেলায় সুস্থ্ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৯ জন। এর মধ্যে নগরের ১০ জন, বাঘায় তিনজন, চারঘাটে ছয়জন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় পাঁচজন, মোহনপুরে পাঁচজন, তানোরে ১৩ জন ও পবায় পাঁচজন।
“এখন পর্যন্ত জেলায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরে দুইজন, বাঘায় একজন ও মোহনপুরে একজন। তবে সোমবার সকালে চারঘাটে একজন মারা গেছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়াল।”
গত ১ মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে এক হাজার ৯৬৮ জনকে। ছাড়পত্র দেওয়া হয়েছে এক হাজার ৯৫৮ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ১০ জন।
আর গত ২৪ ঘণ্টায় সিলেট ফেরত একজনকে কোয়ারেন্টিনে নে্ওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।
