২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চুরি করে আম পাড়ায়’ পিটুনিতে মাদ্রাসাছাত্র নিহত

গাছ থেকে না বলে আম পাড়াকে কেন্দ্র করে গোপালগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 10:04 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

সোমবার ওই মাদ্রাসাছাত্রের চাচাত ভাইদের পিটুনিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। 

নিহত আমানুল্লাহ সেখ (১৮) কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের জাকির হোসেন শেখের ছেলে এবং উপজেলার কুশলা আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত কিশোরের বাবাকে উদ্ধৃত কেরে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, সোমবার বেলা ১২টার দিকে নিহতের চাচাত ভাই ‘বাবু শেখ ও দেলোয়ার শেখসহ অন্যরা’ গাছ থেকে চুরি করে আম পাড়ার অভিযোগ এনে আমানুল্লাহকে মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়।

প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকাল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এ কিশোর বলে ওসি জানান।

“এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ামাত্রই আইনানুগ গ্রহণ করা হবে।”

খুলনায় ময়নাতদন্ত শেষে লাশ ফেরত আনা হবে বলে জানান তিনি।