২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার সেই ব্যাংক কর্মকর্তা মৃত্যুর আগে জানিয়েছিলেন পদোন্নতির খবর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকার সোনালী ব্যাংকের কর্মকর্তা মাহাবুব এলাহী রোববার বেলা দুপুরে ১২টা ৫০ মিনিটে তার পদোন্নতির খবর জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2020, 05:33 PM

Updated : 10 Oct 2022, 07:11 PM

পুরনো খবর:

করোনাভাইরাসে আরেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

“সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতির তালিকায় ২০৮ নাম্বারে তার নাম। অনেকে তার পোস্টে অভিনন্দনও জানান। এরপর সেদিন রাত ৮টার দিকে প্রাণ হারাতে হয়।”- বলছিলেন মাহাবুব এলাহীর ভাই গোলাম রাব্বানী।

কুমিল্লা শহরের পুরনো মৌলভীপাড়ার নিজ বাড়িতে মারা যান এই ব্যাংক কর্মকর্তা।

গোলাম রাব্বানী বলেন, “ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাহাবুব বাড়িতে চলে আসে। আমার হাতের উপরই মারা যায় মাহাবুব। শনিবার আমাকে সঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা করায় ও। সেই পরীক্ষার ফল আসার আগেই মারা গেল।”

মাহাবুব যখন করোনাভাইরাসে আক্রান্ত, তার স্ত্রী তখন চিকিৎসার জন্য শিশুকন্যাকে নিয়ে ভারতের চেন্নাইতে। করোনাভাইরাসের পরিস্থিতির কারণে আটকা পড়ায় তারা আসতে পারেননি। শেষ সময়েও মেয়েকে কোলে নিতে পারেননি মাহবুব।

মৌলভীপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর বলেন, রহিম আমজাদ কায়সারের চার ছেলের মধ্যে বড় মাহাবুব এলাহী ঢাকার মতিঝিলে সোনালী ব্যাংকের লোকাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। ২০১১ সালে বিয়ে করেন কুমিল্লার মিয়ার বাজারের সাজনীন মাহাবুবকে। ঢাকার রায়পুরায় স্ত্রী নিয়ে থাকতেন তিনি। দীর্ঘ ৯ বছরে তাদের সন্তান না হওয়ায় ভারতের চেন্নাই প্যাথলজি সেন্টারের টেস্ট টিউবের মাধ্যমে ১০ এপ্রিল তাদের মেয়ে সন্তান হয়। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে মাহাবুব ভারতে যেতে পারেন নি এবং স্ত্রী সন্তানও দেশে ফিরতে পারেন নি। এদিকে করোনাভাইরাসের  লক্ষণ উপসর্গ দেখা দেওয়ায় তিনি কুমিল্লায় তার নিজের বাড়িতে চলে আসেন।

গোলাম রাব্বানী বলেন, তার ভাই মারা যাওয়ার পরে কুমিল্লা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সকালে দাফন করবে বলে জানায়। পরে এগিয়ে আসে ‘বিবেক’ নামে সংগঠনের সদস্যরা।

কুমিল্লা নগরে করোনা পরিস্থিতিতে গঠন করা বিবেক নামে একটি সংগঠনের ১১ সদস্য এই দাফন সম্পন্ন করে। সোমবার কুমিল্লা শহরের পুরনো মৌলভী পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মাহাবুবকে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের শরীরে সংক্রমণের মধ্য দিয়ে কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১৪ জনে দাড়িয়েছে বলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান।

আর এ ভাইরাসে জেলায়  মৃতের সংখ্যা ১৪ জন। তাদের নয়জনের বাড়িই জেলার দেবীদ্বার উপজেলায়। এছাড়াও সদর উপজেলায় দুইজন, মুরাদনগরে ১ জন, চান্দিনায় ১ জন ও মেঘনা উপজেলায় ১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান।

নিয়াতুজ্জামান বলেন, সর্বশেষ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পরীক্ষা করানোর একদিন পর কুমিল্লায় মারা গেছেন সোনালী ব্যাংকের মাহাবুব এলাহী। শনিবার সকালে নমুনা পরীক্ষা করানোর পর রোববার রাতে মারা যান তিনি। পরে তার রিপোর্ট পজেটিভ আসে।