গাজীপুরে শ্বাসকষ্টে একজনের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শ্বাসকষ্ট ও সর্দিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ভাতার্দী দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়িতে ৫০ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয় বলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিকুর রহমান আকন্দ জানান।
সাদিকুর রহমান জানান, এই ব্যক্তি কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দিসহ করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে ভুগছিলেন বলে স্থানীয়রা জানান। নিহতের স্বজনরা জানিয়েছেন ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে হাঁপানিজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ডিসেম্বরে তিনি হাসপাতাল থেকে যক্ষার চিকিৎসা নিয়েছেন।
করোনাভাইরাস পরীক্ষার জন্য বিকালে তার নমূনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
ওই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশের সদস্যসহ মোট ৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জন চিকিৎসক, ৬ জন সেবিকা ও পুলিশের ৫ জনসহ মোট ৬৭ জন সুস্থ হয়েছেন। আক্রান্তরা সবাই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন।
