কক্সবাজারের পেকুয়া ইউএনওর বদলির আদেশ স্থগিত
ত্রাণের চাল বিতরণ অনিয়মের অভিযোগে কক্সবাজারের পেকুয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে ইউএনওর বদলির আদেশ একদিন না যেতেই স্থগিত করা হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয় বলে কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন জানান।
জেলা প্রশাসক জানান, ত্রাণের চাল বিতরণ অনিয়মের অভিযোগে গত বুধবার স্থানীয় সরকার এক চিঠিতে টৈটংয়ের ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়।
পেকুয়া ইউএনও সাঈকা সাহাদাত এই চালগুলো চেয়ারম্যানকে উপবরাদ্দ দেন; তাই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে ইউএনওকে বদলির আদেশ দেওযা হয়।
এ নিয়ে পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাত বলেন, চালগুলো নিয়ম মেনে ইউপি চেয়ারম্যানকে তিনি উপবরাদ্দ দিয়েছেন। এরপর ইত্তোলিত চালগুলো ইউপি চেয়ারম্যান কী করেছেন তিনি তা অবগত নন।
জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের কাছে প্রেরিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাতকে বদলি করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও নাজমা সিদ্দিকা বেগমকে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
“প্রশাসনিক তদন্তে ইউএনও কর্তৃক অনিয়মের প্রমাণ মেলেনি। মূলত ইউপি চেয়ারম্যানের যোগসাজশে ত্রাণের চাল আত্মসাতের ঘটনা ঘটেছে।”
তবে ইউএনও সাঈকা সাহাদাতের বদলির আদেশ প্রশাসনিক নিয়মিত ব্যবস্থা বলে মন্তব্য করেন কামাল হোসেন।
তিনি বলেন, এদিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা কর্তৃক আগের দিনের বদলির আদেশ স্থগিত করে ইউএনও সাঈকা সাহাদাতকে নিজ কর্মস্থলে বহাল থাকার আরেক আদেশের এক চিঠি শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের কাছে পৌঁছেছে।
“একই আদেশে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও নাজমা সিদ্দিকা বেগমের বদলির আদেশ স্থগিত থাকার বিষয়টি উল্লেখ করা হয়।”
