ত্রাণের চাল: কক্সবাজারের এক ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সরকারি ত্রাণের বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগে কক্সবাজারে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয়রা জানিয়েছে।
এছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪)(জ) ধারা ভঙ্গের অপরাধে তাকে (ইউপি চেয়ারম্যান) কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদনসহ স্থানীয় সরকার বিভাগকে জানাতে চিঠিতে জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, গত বুধবার দুপুর ২টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি চিঠি তিনি পেয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পোকুয়ার ইউএনওকে নির্দেশও দিয়েছেন।
প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, কক্সবাজার জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে পেকুয়া উপজেলার হত-দরিদ্রদের মাঝে বিতরণের জন্য গত ২০১৯ সালের ২৯ জুলাই ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এসবের মধ্য ২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এদিকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে পেকুয়ার টৈ টং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিতরণের জন্য গত ৩১ মার্চ ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর অনুকূলে ১৫ মেট্রিক টন চাল উপ- বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দপত্রে স্বাক্ষর করেন পেকুয়ার ইউএনও সাঈকা সাহদাত এবং সদ্য বদলী হওয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৌভ্রাত দাশ।
এদিকে, চকরিয়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল হাই জানিয়েছেন, গত ৬ এপ্রিল চকরিয়ার খাদ্য গুদাম থেকে বরাদ্দকৃত চালগুলো ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী উত্তোলন করে নিয়ে গেছেন।
এ ব্যাপারে পেকুয়ার পিআইও সৌভ্রাত দাশ বলেন, “ইউএনও-র নির্দেশনা মত চাল বরাদ্দের ফাইল তৈরি করেন এবং এতে তিনি সই করেছেন। তিনি গত ১৫ এপ্রিল পেকুয়া থেকে অন্যত্র বদলী হয়েছেন।
তবে গত ৬ থেকে ১৫ এপ্রিলের মধ্যে উপজেলা প্রশাসনের কাছে চাল বিতরণের তালিকা (মাস্টাররোল) টৈটং ইউপি চেয়ারম্যান জমা দেননি বলে নিশ্চিত করেন পেকুয়ার পিআইও।
এ নিয়ে নানা মহলে অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসে প্রশাসন। মঙ্গলবার সরেজমিন তদন্তে যান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসজক (রাজস্ব) মো. আশরাফুল আশরাফ।
আশরাফ বলেন, “তদন্তের জন্য ইউএনও, পিআইও এবং টৈটং ইউনিয়নের সদস্য ও ইউপি সচিবসহ চাল বিতরণে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।
“এতে যার বিরুদ্ধে মূল অভিযোগ, তাকে পাওয়া যায়নি। তাকে পাওয়া গেলে মূল রহস্য বেরিয়ে আসত।”
এ ব্যাপারে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন এ অতিরিক্ত জেলা প্রশাসক।
এদিকে পেকুয়ার ইউএনও সাঈকা সাহদাত জানান, চালগুলো তিনি নিয়ম মেনে ইউপি চেয়ারম্যানকে উপ-বরাদ্দ দিয়েছেন। চালগুলো উত্তোলনের পর চেয়ারম্যান কী করেছেন তা তিনি অবগত নন।
এ নিয়ে মঙ্গলবার রাতে পেকুয়া থানায় টৈটং ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত করে বাদী হয়ে মামলা করেছেন বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম।
আমিনুল জানান, গত ১৫ এপ্রিল তিনি পেকুয়া উপজেলা প্রশাসনে যোগদান করেন। এখন পর্যন্ত বরাদ্দকৃত চালের কোনো তালিকা ইউপি চেয়ারম্যান অফিসে জমা দেননি। তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, “ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণের অনিয়মের ব্যাপারে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগকে মঙ্গলবার বিকালেই লিখিতভাবে অবহিত করা হয়। এর প্রেক্ষিতে বুধবার দুপুরে তাকে সাময়িকভাবে বরাখাস্তের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।”
এ ব্যাপারে ব্যবস্থা নিতে পেকুয়ার ইউনএনওকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
তবে ঘটনার ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তা সম্ভব হয়নি।
