ঢাকায় আক্রান্ত হয়ে চাঁদপুরে, তারপর হাসপাতাল ঘুরে পলায়ন
ঢাকায় কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর এক ব্যক্তি চাঁদপুরের বাড়ি ও হাসপাতাল ঘুরে পালিয়ে যাওয়ার পর ধরা পড়েছেন।
এর আগে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে থাকতে দেয়নি বলে পুলিশ জানিয়েছে। ৩৫ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পোয়া গ্রামে।
চাঁদপুর থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, ঢাকায় ওই ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ আসে। রোববার তিনি ফরিদগঞ্জে তার বাড়িতে আসেন।
“বাড়ির মানুষ তাকে বাড়িতে থাকতে না দেওয়ায় তিনি চাঁদপুর সদর হাসপাতালে আসেন। চিকিৎসক সৈয়দ আহমদ কাজল তাকে প্রতিবেদন দেখে আইসোলেশনে ভর্তি করেন। হাসপাতালের ব্রাদার তাকে রেখে পিপিই পরতে গেলে ওই রোগী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে। পরে তাকে ফরিদগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রাম থেকে আটক করে হাসপাতালে পাঠানো হয়।”
চিকিৎসক কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ব্যক্তির প্রতিবেদন দেখে তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। এরপর হাসপাতাল থেকেই তিনি পালিয়ে যান। পরে পুলিশকে জানানো হয়।”
