গাজীপুরে বেতনের দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ
বেতন-ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
শনিবার সকাল থেকে দিনভর ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক স্থানে শ্রমিকদের এ বিক্ষোভের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর রেজাউল করিম বলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার ‘হেচং বিডি লিমিটেড’ পোশাক কারখানাটি গত নভেম্বর মাসে লে-অফ ঘোষণা করে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু বন্ধ ঘোষণার সময় গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন ভাতাসহ শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ করেনি। গত কয়েকদিন আগে কারখানাটি শনিবার চালুর এবং আগামী ৭ মে শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের তারিখ ঘোষণা করে গেটে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।
রেজউল বলেন, “এক পর্যায়ে শ্রমিকরা কারখানার পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে অবস্থান নেয়।
কিন্তু এ সময় পুলিশ আলোচনার জন্য মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের জন্য দীর্ঘক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে রোববার সকালে আবারও কারাখানার গেটে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে বিকালে শ্রমিকরা কারখানা এলাকা ত্যাগ করে।”
অন্যদিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার (লোহাই বাজার) এলাকার ‘এটিএস সোয়েটার কারখানার’ শ্রমিকেরা মার্চের বকেয়া বেতন-ভাতাসহ তাদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে বলে রেজাউল করিম জানান।
তিনি বলেন, “শনিবার সকাল থেকে শ্রমিকেরা গেটে জড়ো হতে থাকে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে। পরে পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে মালিকপক্ষ আগামী ৭ মে শ্রমিকদের মার্চ মাসের বেতনসহ পাওনা পরিশোধের ঘোষণা দিলে বিকালে শ্রমিকরা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে কারখানা এলাকা ত্যাগ করে।”
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, “গত কয়েকদিন ধরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য ঘোষিত লকডাউন ভেঙ্গে কিছু কারখানার শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। শনিবারও কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের উদ্যোগে ইতোমধ্যে বেশকিছু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা নিয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাজীপুরের অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে জরুরি সেবার জন্য কিছু কারখানা খোলা রাখা হয়েছে।
গত ১১ এপ্রিল গাজীপুর জেলা অবরুদ্ধ ঘোষণা করা হয়।
