২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ট্রাক থেকে নামানো সেই ব্যক্তি পেলেন ছাড়পত্র

ঢাকা থেকে উত্তরবঙ্গের পথে একটি ট্রাক থেকে বগুড়ায় ফেলে যাওয়া করোনাভাইরাস আক্রান্ত সেই ব্যক্তি সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে গেছেন।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2020, 11:55 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

প্রায় চার সপ্তাহ পর বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্র থেকে শুক্রবার ৫০ বছর বয়সী রংপুরের এই ব্যক্তিকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তিনি স্ত্রীর সঙ্গে বাড়ির উদ্দেশে ওরয়ানা করেন।  

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

গত ২৯ মার্চ ঢাকা থেকে ট্রাকে রংপুর যাওয়ার পথে শ্বাসকষ্ট শুরু হলে তাকে অন্য যাত্রীরা ট্রাক থেকে বগুড়া মহাস্থান বাসস্ট্যান্ডে ফেলে রেখে চলে যায়। পরদিন তাকে পুলিশ বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে ৩০ মার্চ তাকে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্রে নেওয়া হয়।

মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন কাজল বলেন, রংপুরের ধাপ এলাকার এই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে রাখা হয়। প্রথমে পহেলা এপ্রিল ও ৫ এপ্রিল তার নমুনা পজিটিভ আসে। তারপর তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়।

“অবস্থার উন্নতি হলে ১৩ এপ্রিল নমুনা রাজশাহী পাঠানো হলে ফলাফল নেগেটিভ আসে। এরপর আবার ২১ এপ্রিল ও ২২ এপ্রিলও নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। তাই তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়।”

তিনি বলেন, সে অনুযায়ী শুক্রবার তাকে ছাড়পত্র দেওয়া হয় এবং স্ত্রীসহ অ্যাম্বুলেন্সে করে তার বাড়ি রংপুরে পাঠানো হয়।

“বগুড়ায় শনাক্ত হওয়া প্রথম করোনাভাইরাস রোগীকে সুস্থ করে বাড়ি ফিরে যেতে দিতে পেরে আমরা আনন্দিত। তাকে ছাড়পত্র দিয়ে ছেড়ে দেওয়ার সময় সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে।”

বাড়ি যাত্রা করার আগে করোনামুক্ত হওয়া এই ব্যক্তি বলেন, “আল্লার রহমতে এখানে চিকিৎসা খুব ভাওলা পেয়েছি। সবাই খবর নিয়েছে। বাড়িতে যাচ্ছি। আমার জন্য এবং সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ হয়ে ওঠে।”

তার স্ত্রী (৪০) বলেন, “আমাদের রোগী সুস্থ। আমরা বাড়ি যাচ্ছি।”

পুরনো খবর:

বগুড়ার সেই ব্যক্তি করোনাভাইরাসে ‘আক্রান্ত ছিলেন না’
এক সপ্তাহে জানা গেল মহাস্থানে ফেলে যাওয়া সেই ব্যক্তি আক্রান্ত
শ্বাসকষ্ট দেখে ট্রাক থেকে নামিয়ে দিল রাস্তায়