২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে বাঙ্গি বেচেন কোটালীপাড়ার কৃষক

করোনাভাইরাস মহামারীতে বিপর্যয়ের মুখে অনলাইনে বাঙ্গি-তরমুজ বিক্রি করতে পেরে আলোর মুখ দেখছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চাষিরা।

মনোজ সাহা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2020, 12:52 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

পুরনো খবর:

কৃষক বাঁচাতে ত্রাণের তালিকায় কৃষিপণ্য
সবজিতে ‘লোকসানের মুখে’ যশোরের চাষিরা
কৃষিপণ্যের মূল নিশ্চিতে হাটহাজারীতে চালু হচ্ছে ‘কৃষক কর্নার’
নীলফামারীর কাঁচাবাজার ক্রেতাশূন্য, কৃষকের মাথায় হাত
মহাস্থানহাটে সবজি বিক্রি ‘পানির’ দামে

জেলার প্রত্যন্ত গ্রামের হাট থেকে অনলাইনে বাঙ্গি-তরমুজ বিক্রি করতে পারছেন তারা।

এ কাজে তাদের পথ দেখিয়েছেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাহফুজুর রহমান। আর সহযোগিতা করছেন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের স্কাউট সদস্যরা।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। এতে কৃষিপণ্য নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা।

ইউএনওর এই উদ্যোগে চাষিরা উপকৃত হচ্ছেন বলে জনপ্রতিনিধি ও কৃষিপণ্য বিক্রেতারা জানিয়েছেন।

উপজেলার কলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, স্বেচ্ছাসেবকরা কালিগঞ্জ বাজারে বসে ল্যাপটপের মাধ্যমে অনলাইনে ক্রেতা-বিক্রেতাদের যোগাযোগ করিয়ে দেন। তারপর তারা বাঙ্গি-তরমুজের দামদর ঠিক করেন। ক্রেতারা অনলাইনে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পরিশোধ করেন। ট্রাক নম্বর রেজিস্ট্রেশন করে ওই ট্রাককে বাজারে ঢোকার অনুমতি দেওয়া হয়। ওই ট্রাকে বাঙ্গি-তরমুজ লোড করে দেওয়া হয়। এতে ক্রেতা-বিক্রেতাদের সমাগম ছাড়াই, সামাজিক দূরত্ব বজায় রেখে বাঙ্গি-তরমুজের বাজার পরিচালনা করা সম্ভব হচ্ছে।

চেয়ারম্যান বলেন, অনলাইনে কেনাবেচার প্রথম দিন গত রোববার ৩৮ জন ক্রেতার কাছে ২০ লাখ টাকার বাঙ্গি-তরমুজ বিক্রি করা হয়। প্রতিদিনই ২০ থেকে ২৫ লাখ টাকার কেনাবেচা হচ্ছে।

তবে দাম গত বছরের তুলনায় প্রায় অর্ধেক কম বলে চাষিরা জানিয়েছেন।

নলুয়া গ্রামের বিজয় বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন্, গত বছরের তুলনায় এ বছর বাঙ্গি-তরমুজের বাম্পার ফলন হয়েছে। কিন্তু প্রায় অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে।

“তবু ভাল। প্রথম দিকে বাঙ্গি-তরমুজ মোটেই বিক্রি করতে পারিনি। বাজারে ক্রেতা ছিল না। ভেবেছিলাম বাঙ্গি-তরমুজ ক্ষেতেই নষ্ট হবে। এখন ইউএনও অনলাইনে বাঙ্গি-তরমুজ বিক্রির ব্যবস্থা করে দিয়েছেন। এতে আমরা উপকৃত হচ্ছি। তবে দাম অর্ধেকে নেমে আসায় মহাজন, এনজিও ও ব্যাংকঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। শেষ পর্যন্ত ক্ষেতের সব বাঙ্গি-তরমুজ বিক্রি করতে পারলে হয়ত এ দুশ্চিন্তা থাকবে না।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলাবাড়ি গ্রামের কৃষক বীরেন অধিকারীসহ অনেকে।

এ বিষয়ে ইউএনও মাহফুজুর রহমান বলেন, অনলাইনে বাঙ্গি-তরমুজ বিক্রির যে ব্যবস্থা করা হয়েছে তাতে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের রোভার স্কাউটের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকে অনলাইনে বাঙ্গি-তরমুজ বিক্রিতে সহায়তা করছেন। এভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা হয়েছে।

ওই কলেজের রোভার স্কাউটের টিম লিডার নয়ন মাহামুদ।

নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনলাইনে তরমুজ বেচাকেনার জন্য ক্রেতা ও বিক্রেতাকে আমাদের কাছে রেজিস্ট্রেশন করতে হয়। সেজন্য তাদের আমাদের কাছে আসতে হয় না। আমরা বাঙ্গি-তরমুজ ক্রেতাকে অনলাইনের মাধ্যমে দেখাই। পছন্দ হলে ক্রেতা ও বিক্রেতারা দামদর ঠিক করেন। ব্যাংক, বিকাশ বা অনলাইনে ক্রেতা কৃষককে টাকা পরিশোধ করেন। তারপর ক্রেতা তার ট্রাক আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করান। ওই ট্রাক কালিগঞ্জ বাজারে আসার পর বাঙ্গি-তরমুজ লোড দেওয়া হয়। এখানে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ট্রাক প্রবেশ করতে পারে না।”

প্রতিদিন ২০ থেকে ২৫ লাখ টাকার বাঙ্গি-তরমুজ হচ্ছে বলে তিনি জানান।

নয়ন বলেন, tarmuzbazar.com ব্যবহার করে কৃষকরা লাভবান হচ্ছেন। এখানে কোনো মধ্যসত্ত্বভোগী নেই।

এই পদ্ধতিকে মডেল হিসেবে তুলে ধরা যেতে পারে বলে অনেকে মনে করেন।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ দপ্তরের ডিডি অরবিন্দু কুমার রায় বলেন, ডিজিটাল পদ্ধতিতে বাঙ্গি-তরমুজ বিক্রির উদ্যোগটি অভিনব। লকডাউনের মধ্যে এ পদ্ধতি অনুসরণ করায় কৃষক উপকৃত হচ্ছেন। এ মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়া হলে করোনাভাইরাসের উপদ্রবের মধ্যেও মানুষ অনেকটাই নিরাপদে কৃষিপণ্য কেনাবেচা করতে পারবেন।

কলাবাড়ি ইউনিয়নে বাঙ্গি-তরমুজ চাষ সম্পর্কে চেয়ারম্যান বলেন, প্রায় ২৫ বছর ধরে তার ইউনিয়নে ৬৫০ হেক্টর জমিতে বঙ্গি-তরমুজের আবাদ হয়ে আসছে। এখান থেকে প্রতিবছর অন্তত ২০০ কোটি টাকার বাঙ্গি-তরমুজ বিক্রি হয়। এ বছর বাঙ্গি-তরমুজের মৌসুম শুরুর পর করেনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। জেলা প্রশাসন  গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করে। ফলে এ জেলা থেকে অন্য জেলায় বা এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত বন্ধ।

চেয়ারম্যান বলেন, কালিগঞ্জ হাটে বাঙ্গি-তরমুজ নিয়ে এসে ক্রেতা না পেয়ে বাঙ্গি-তরমুজ বিক্রি করতে না পেরে হতাশ হয়ে কৃষক বাড়ি ফিরে যান। ক্ষেতে উৎপাদিত বাঙ্গি-তরমুজ নিয়ে তারা মহাদুর্ভোগে পড়েন। কৃষকদের এ অবস্থা থেকে রক্ষা করতে ইউএনও মাহফুজুর রহমান অনলাইন ভিত্তিক বাঙ্গি-তরমুজ বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ নেন। বাজারে এখন প্রচুর বাঙ্গি আমদানি হচ্ছে। তরমুজ কম। বাঙ্গি শেষে হলে তরমুজ পুরোদমে বাজারে উঠবে।