কৃষিপণ্যের মূল নিশ্চিতে হাটহাজারীতে চালু হচ্ছে ‘কৃষক কর্নার’
হাটহাজারী উপজেলার হাট-বাজারে কৃষক যাতে ন্যায্য মূল্যে নিজেদের জমিতে উৎপাদিত ফসল বিনা বাধায় বিক্রি করতে পারে সেজন্য ‘কৃষক কর্নার’ চালুর নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এ আদেশ দেন।
এর আগে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই উপজেলার বাজার স্থানীয় স্কুল মাঠসহ বিভিন্ন মাঠে সরিয়ে নেয়া হয়।
রোববার উপজেলার ১৮টি বাজারের ইজারাদারদের সাথে বৈঠক শেষে ইউএনও এই নির্দেশ দেন।
চলমান অবরুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা না আসায় চট্টগ্রামের কৃষকরা সবজিসহ বিভিন্ন ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না।
গত বৃহস্পতিবার সরকার হাট বাজারে মারধরের শিকার কৃষক গণি আহমদ (চেক শার্ট পড়া) ও হামলাকারী শওকত (কালো টি-শার্ট)
ইউএনও রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে, উপজেলার বিভিন্ন হাট বাজারে কৃষকদের উৎপাদিত বিভিন্ন শাক সবজি, ফলমূল বাজারে বসে বিক্রি করতে দেয়া হচ্ছে না। এক শ্রেণির ব্যাপারী কৃষকদের কম মূল্যে তাদের কাছে পণ্য বিক্রি করতে বাধ্য করছে। ফলে কৃষক বাজারে বসে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারছেন না।
“উপজেলার সব হাট-বাজারে শুধু প্রকৃত কৃষকরা যাতে বাজারের একটা নির্দিষ্ট স্থানে বসে তাদের উপাদিত পণ্য বিক্রি করতে পারে সেজন্য আবশ্যিকভাবে ‘কৃষক কর্নার’ স্থাপনের নির্দেশ দিয়েছি।”
রুহুল আমিন বলেন, “যদি কোনো কৃষক কারও দ্বারা বাধা প্রাপ্ত হন তাহলে সরাসরি আমাকে টেলিফোনে জানালেই বাধাদানকারী ব্যক্তি এবং ওই হাটের ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজারে বৃহস্পতিবার সকালে মারধরের শিকার হন কৃষক মোহাম্মদ গণি আহমদ।
তিনি নিজের ক্ষেতের ফসল নিয়ে ওই বাজারে যান বিক্রি করতে। গণি আহমদ বেগুন ২০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা ও বরবটি ৩০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন। বাজারের অন্য ব্যবসায়ীরা এসব সবজি বিক্রি করছিল কেজিতে ১০ টাকা বেশি দরে।
বাজারে শওকত নামের এক ব্যাপারী কম দামে সবজি বিক্রি না করে তা অন্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করে চলে যেতে গণি আহমদকে চাপ দেন। গণি আহমদ রাজি না হওয়ায় তাকে মারধর করেন শওকত। নষ্ট করেন গণির সবজি।
স্থানীয়রা গণিকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে হাজির হন ইউএনও রুহুল আমিন।
সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠে বসানো হাটহাজারী উপজেলার একটি বাজার। ফাইল ছবি
“এই ঘটনার পর পুরো উপজেলার প্রকৃত কৃষকরা যাতে তাদের ক্ষেতের ফসল বিক্রি করতে পারে তা নিশ্চিত করতে কৃষক কর্নার চালুর এই উদ্যোগ নেয়া হয়েছে। কৃষক নিজের উৎপাদন খরচ হিসেবে করে নিজেদের নির্ধারিত মূল্যে যাতে ফসল বিক্রি করতে পারেন।”
এর আগে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ১০ এপ্রিল হাটহাজারী পৌরসভার পার্বতী স্কুল মাঠে পৌর সদরের সবজি বাজারটি সরিয়ে নেয়ার উদ্যোগ নেন ইউএনও রুহুল আমিন।
এর ধারাবাহিকতায় উপজেলার বেশ কয়েকটি কাঁচা বাজার সংলগ্ন মাঠে সরিয়ে নেয়া হয়।
১২ এপ্রিল হাট-বাজার খোলা স্থানে সরিয়ে নেয়ার নির্দেশও দেয় সরকার।
