২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের সেই ভিক্ষুককে জেলা প্রশাসনের সংবর্ধনা

করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় ১০ হাজার টাকা দান করা শেরপুরের সেই ভিক্ষুক বৃদ্ধ নজিমুদ্দিনকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 10:19 AM

Updated : 10 Oct 2022, 07:08 PM

পুরনো খবর:

শেরপুরের সেই ভিক্ষুককে ‘প্রধানমন্ত্রীর নির্দেশে’ বাড়ি
বৃদ্ধ ভিক্ষুক ১০ হাজার টাকা দিলেন অসহায়দের 

বুধবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব নাজিমুদ্দিনকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী দেন। এছাড়া তিনি তাকে একটি দোকান করে দেওয়ার ঘোষণা দেন। তার চিকিৎসার দায়িত্ব নেওয়াসহ তার পরিবারের অন্য সদস্যদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। এতে বেকার হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

তাদের সহযোগিতা করছে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি। নাজিমুদ্দিনও তাদের জন্য এগিয়ে এসেছেন। ঘর মেরামতের জন্য দুবছরের জমানো ১০ হাজার টাকা দান করেছেন।

এ খবর গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নাজিমউদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেওয়ার  নির্দেশ আসে মঙ্গলবার রাতে। আর তার পরদিন জেলা প্রশাসন তাকে দেয় সংবর্ধনা।

জেলা প্রশাসক বলেন, “আমাদের সংকটকালে, আমাদের বিপদের সময় আমাদের মন অনেক সময় খারাপ হয়ে যায়। আমরা মানসিকভাবে বিপন্নবোধ করি। কিন্তু নজিমুদ্দিনের মত মানুষ যখন আমাদের আলোর পথ দেখান, আমরা আবার আশায় বুক বেঁধে দাঁড়াই। আমরা শত প্রতিকূলতার মধ্যেও আবার নতুন সূর্যের আলো দেখতে পাই।”

 জেলা প্রশাসক নজিমুদ্দিনের উদ্দেশে বলেন, “আপনি মনের দিক থেকে ঐশ্বর্য্যবান। আমরা আপনার কাছে কৃতজ্ঞ।”

নজিমুদ্দিনও জেলা প্রশাসকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “আমি আগে দিনমজুরের কাজ করে সংসার চালাতাম। পরে পঙ্গু হয়ে গেছি। এখন ভিক্ষা করে সংসার চালাই। আমার স্ত্রী আবেদা খাতুনও পঙ্গু।”

নাজিমুদ্দিন তিন ছেলে ও তিন মেয়ের বাবা।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, এনডিসি মিজানুর রহমান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।