কোভিড-১৯: বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা
বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণ মহামারীর মধ্যে বাংলাদেশেও প্রতিদিন নতুন নতুন আক্রান্তের খবর আসছে।
অত্যন্ত ছোঁয়াছে এ রোগের সংক্রমণ তিন মাসের মধ্যে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে দেশে এ রোগে প্রাণ হারিয়েছে ১১০ জন। আক্রান্তের সংখ্যা তিন হাজার ৩০০ পার হয়েছে।
মঙ্গলবার বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদে আরও কয়েকজনের সংক্রমণের খবর:
জামালপুরে চিকিৎসক, পুলিশ, সাংবাদিক আক্রান্ত
জামালপুরে চিকিৎসক, সাংবাদিক, পুলিশসহ আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৩২।
জামালপুরের সিভিল সার্জন আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের পাঁচ জন, একজন সাংবাদিক ও একজন পুলিশ কর্মকর্তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রামণ ধরা পড়েছে। সবাই সদর উপজেলার।
এ নিয়ে জেলায় মোট ৩২ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হলো বলে তিনি জানান।
নড়াইলে প্রথম করোনাভাইরাস মুক্ত একজন
নড়াইলে প্রথম একজন আক্রান্ত ব্যক্তি করোনাভাইরাস মুক্ত হয়েছে।
মঙ্গলবার নড়াইলের সিভিল সার্জন আব্দুল মোমেন জানান, লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের এই ব্যক্তিকে জেলা স্বাস্থ্য বিভাগ করোনামুক্ত ঘোষণা করেছে।
পঞ্চগড়ে দ্বিতীয় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার সিভিল সার্জন ফজলুর রহমান জানান, নতুন আক্রান্ত ৪৫ বছর বয়সী এ নারী তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বাসিন্দা।
“চারদিন আগে এ জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার বাড়ি একই উপজেলার তিরনইহাট ইউনিয়নে।”
দিনাজপুরে আরও ২ জন করোনাভাইরাস আক্রান্ত
দিনাজপুরে আরও দুই জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের একজন সদরে এবং অপরজন কাহারোল উপজেলায়।
জেলার সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার সন্ধ্যায় তারা এই নতুন আক্রান্তের রিপোর্ট পেয়েছেন। আক্রান্ত দুই জনই নারায়নগঞ্জ থেকে এসেছেন। একজনের বয়স ২২ এবং অন্যজনের বয়স ২৮ বছর।
এ নিয়ে দিনাজপুর জেলায় ১৩ জনের শরীরে কোভিট-১৯ শনাক্ত হলো বলে তিনি জানান।
ফরিদপুরে আ. লীগ নেতার স্ত্রী আক্রান্ত
ফরিদপুরে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর দুই চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
শহরের একটি বেসরকারি হাসপাতালের পরিচালক আসম জাহাঙ্গীর চৌধুরী জানান, ওই আওয়ামী লীগ নেতার স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে বলে মঙ্গলবার সকালে তারা জানতে পারেন।
“এরপর এই হাসপাতালে যেসব চিকিৎসক, নার্স ও স্টাফ ওই নারীকে চিকিৎসা দিয়েছেন তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”
নীলফামারীতে আরেকজন বোভিড-১৯ আক্রান্ত
নীলফামারীতে আরেকজন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত হলেন ১০ জন।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।
রংপুর নগরে প্রথম কোভিড-১৯ শনাক্ত
রংপুর নগরীতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গনেশপুরে।
সিভিল সার্জন হিরম্ব কুমার রায় মঙ্গলবার এ তথ্য জানান।
ময়মনসিংহ মেডিকেলের ৬ চিকিৎসকসহ ২২ জন আক্রান্ত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছয় চিকিৎসকসহ জেলায় ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য জানান।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনাভাইরাস রোগী শনাক্ত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এই যুবক উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা হলো দুই।
বগুড়ায় নুতন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকেৎসক শফিক আমিন কাজল বলেন, “সোনাতলার একজনের নমুমায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। সারিয়াকান্দির আরও দুজনের করোনা পজিভের খবর পেয়েছি। তাদের আইসোলেশন কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।”
চাঁপাইনবাবগঞ্জে আরেকজন করোনাভাইরাস আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আরও একজন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, মঙ্গলবার সদর উপজেলার কবিরাজপাড়া গ্রামের ৩৫ বছর বয়সী এই ব্যক্তির সক্রমণ নিশ্চিত হয়। রাতেই তাদের আশপাশের ৪০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দুই জন হলো বলে তিনি জানান।
জয়পুরহাটের আরেকজন আক্রান্ত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্বকড়িয়া বটতলী এলাকায় নারায়ণগঞ্জফেরত ৪৩ বছরের এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জেলা সিভিল সার্জন সেলিম মিঞা জানান।
তিনি বলেন, এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হলো চার।
কিশোরগঞ্জে ১৪১ জন আক্রান্তের
কিশোরগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৪১।
জেলার সিভিল সার্জন মুজিবুর রহমান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
ঠাকুগাঁওয়ে শনাক্ত হওয়া রোগী এল পঞ্চগড়ে
ঠাকুরগাঁওয়ে হোম কোয়ারেন্টিনে থাকা করোনা পজিটিভ এক নারী (২২) গোপনে চিকিৎসা নিতে এসে পঞ্চগড়ে ধরা পড়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ফজলুর রহমান জানান, মঙ্গলবার নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসার পর ঠাকুরগাঁওয়ের প্রশাসন তাকে বাড়িতে পায়নি।
“তিনি পঞ্চগড়ে এসেছেন জানালে আমরাও খোঁজ করে তাকে পেয়ে যাই। রাতেই তাকে রংপুরস্থ করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।”
