২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে কোভিড-১৯ আক্রান্ত শিশু ‘সুস্থ’ হয়ে ফিরল

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করেনাভাইরাস আক্রান্ত এক শিশু ‘সুস্থ’ হয়ে বাড়ি ফিরে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 06:28 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

কোভিড -১৯ নেগেটিভ আসায় শনিবার দুপুরে দশ বছর বয়সী এই শিশুকে ছাড়পত্র দেওয়া হয় বলে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান।

চিকিৎসকরা জানান, এর আগে এই শিশুর কোভিড-১৯ আক্রান্ত দাদিও জেলা সদর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে জেলায় তিনজন সুস্থ হয়ে ফিরল।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, গত ৮ এপ্রিল ওই শিশুর দেহে করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট আসে। এরপর তাকে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

আনোয়ার হোসেন বলেন, ভর্তির পঞ্চম এবং সপ্তম দিনে রোগীর নমুনা পরীক্ষার ফলাফল কোভিড -১৯ নেগেটিভ আসায় শনিবার দুপুরে ছাড়পত্র দেওয়া হয়।

“শ্রীবরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আইসোলেশন ওয়ার্ডে তাদের অর্পিত দায়িত্ব পালন করে ওই শিশুকে সুস্থ্য করে তোলেন।” 

আনোয়ার হোসেন আরও বলেন, এই শিশুর বাড়ি শ্রীবরদী পৌর শহরের সাতানী শ্রীবরদী মহল্লায়। তার দাদী শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে শেরপুর ২৫০ শয্যার জেলা সদর হাসাপাতালে ১২ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত বৃহস্পতিবার বাড়ি ফিরে গেছেন।  

ছাড়পত্র দেওয়া হলেও ওই শিশু রোগীকে আরও কমপক্ষে দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিনে রাখতে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ছাড়পত্র দেওয়ার সময় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন এবং আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ আলী আহাদ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।