নারায়ণগঞ্জ থেকে এসেছেন বলে পরীক্ষা, কোভিড-১৯ শনাক্ত
উপসর্গ না থাকলেও নারায়ণগঞ্জ থেকে আসার কারণে পরীক্ষা করার পর মুন্সীগঞ্জে এক নারীর কোভিড-১৯ ধরা পড়েছে।
৭০ বছর বয়সী এই নারীর বাড়ি জেলার লৌহজং উপজেলার কনকসার এলাকার অন্বেষণ পল্লীতে। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ বেড়াতে গিয়েছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামীম আহমেদ জানান, ও্ই নারী ফিরে আসার পর সন্দেহ হলে তারা তার পরীক্ষার উদ্যোগ নেন। নমুনা সংগ্রহ করে পাঠানোর পর বুধবার সকালে আইইডিসিআরের প্রতিবেদন থেকে জানা গেছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
“তার শরীরে করোনাভাইরাসের কোনো প্রকার উপসর্গ ছিল না। যেহেতু তার নারায়ণগঞ্জ লিংক রয়েছে, তাই নমুনা নিয়ে আইইডিসিআরে পাঠানো হয়েছিল।”
তাকে আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান বলেন, তাকে আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজন হলে অন্বেষণ পল্লী অবরুদ্ধ করে দেওয়া হবে।
বৃহস্পতিবার পর্যন্ত এ জেলায় মোট ২০ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে নারায়ণগঞ্জের লিংক রয়েছে।
