আরও শতাধিক লোকের নারায়ণগঞ্জ ছাড়ার চেষ্টা
করোনাভাইরাস মহামারীর মধ্যে নিষেধাজ্ঞা ভেঙে অবরুদ্ধ নারায়ণগঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টার সময় প্রায় শিশুসহ আরও দেড় শতাধিক নারী-পুরুষকে ঠেকিয়ে দিয়েছে পুলিশ।
বুধবার রাতে সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশন এলাকা, পাগলা রসুলপুর ও তক্কার মাঠ এলাকা থেকে তাদের ঠেকানো হয় বলে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার রাতে সড়ক ও নৌপথে নারায়ণগঞ্জ ছেড়ে যাওয়ার চেষ্টার সময় পুলিশ পাঁচ শতাধিক নারী-পুরুষকে ঠেকিয়ে বাসা ফেরত পাঠায়; জব্দ করে সাতটি পিকআপ, একটি ট্রাক ও একটি বাল্কহেড।
ওসি আসলাম বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর ফতুল্লা রেলস্টেশন এলাকায় ট্রাকে করে কিশোরগঞ্জে যাওয়ার পথে শিশুসহ ৫০ জনের একটি ট্রাক আটক করে পুলিশ। ওই ট্রাকে শিশুসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ গাদাগাদি করে অবরুদ্ধ ঘোষিত নারায়ণগঞ্জ থেকে বের হয়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়। তাদের ট্রাক থেকে নামিয়ে বাসায় ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় সরকারি নির্দেশধাজ্ঞা অমান্য করায় ট্রাকটি আটক করা হয়েছে বলে তিনি জানার।
ওসি বলেন, এছাড়া রাত প্রায় ১২টার দিকে থানার এসআই মোফাজ্জল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ফতুল্লা রেলস্টেশন এলাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে ৪০ যাত্রীসহ আরেকটি ট্রাক আটক করে। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে ট্রাকটি আটক করা হয়।
তিনি শ্রমিকদের বরাতে জানান, যাদের আটক করা হয়েছে তারা পোশাকসহ বিভিন্ন কারখানায় শ্রমিকের কাজ করেন। তারা ভাড়া বাসায় থেকে এখানে কাজ করতেন। করোনাভাইরাসের কারণে শিল্পকারখানা বন্ধ থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে অনেকে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে দূরে থাকাই এখন পর্যন্ত সেরা উপায় বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তাই অন্য অনেক দেশের মত বাংলাদেশ সরকারও প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে।
অনেক জেলা থেকে বের হওয়া এবং ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। নারায়ণগঞ্জও তেমনি একটি জেলা। কিন্তু সবকিছু বন্ধ থাকায় বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষজন নারায়ণগঞ্জ থেকে পালিয়ে বাড়ি যেতে চেষ্টা করছে।
এতে ভাইরাসটি সারাদেশে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই নারায়ণগঞ্জ থেকে যাওয়া লোকজনের সংস্পর্শে বহু জেলায় ভাইরাসটি ছড়িয়েছে।
