নারায়ণগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ আক্রান্ত আরও ১২
নারায়ণগঞ্জ শহরের খানপুরের তিনশ শয্যার হাসাপাতালের তত্ত্বাবধায়ক ও নার্সসহ আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল একথা জানান।
এর আগে তার হাসপাতলের এক চিকিৎসকসহ আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে এই চিকিৎসক জানান।
আক্রান্ত তত্ত্বাবধায়ক নিজেও একথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিনি গত কয়েক দিন ধরে সর্দি ও জ্বরে ভুগছিলেন। নমুনা সংগ্রহের পর পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ এসেছে।
তার হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়সহ আরও ১১ জনের নমুনা পরীক্ষায়ও করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে তিনি জানান।
তিনি সাংবাদিকদের বলেন, “যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের হাসপাতালেই আইসোলেশনে রাখা হবে। তা না হলে তার বাড়িতে থাকলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।”
এ ব্যাপারে জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আইইডিসিআরে নমুনা পরীক্ষায় শুধু করোনাভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত খানপুর ৩শ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়ক, ওই হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়সহ ১২ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। তাদেরকে আইসোলেশনে পাঠানো হবে।
এছাড়া, জেলা পুলিশ সুপারের গাড়ি চালকও করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।
এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, তার নিজেরসহ বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় তার করোনাভাইরস নেগেটিভ এসেছে; কিন্তু গাড়ি চালকের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
“আমার গাড়িচালক আজকেও দায়িত্ব পালন করেছে। তাকে অসুস্থ দেখিনি। তবে যেহেতু তার করোনা পজেটিভ এসেছে তাই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।”
এর আগে জেলা সিভিল সার্জন, জেলা করোনা বিষয়ক ফোকাল পারসনসহ পাঁচ চিকিৎসক করোনাভাইরসে আক্রান্ত হন। বর্তমানে তারা আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন আক্রান্ত হওয়ায় তার স্থলে ঢাকা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) ইকবাল বাহার চৌধুরী দায়িত্ব পালন করছেন।
করোনাভাইরাস সংক্রমণে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে নারায়ণগঞ্জকে চিহ্নিত করেছে আইইডিসিআর। গত ৮ এপ্রিল থেকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৩। আক্রান্ত হয়েছেন ১৬৯ জন।
