২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে রোগী শনাক্তের পর এক কমিউনিটি ক্লিনিক বন্ধ

মুন্সীগঞ্জে কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসায় এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ সাতটি পরিবারকে আইসোলেশনে নেওয়া হয়েছে; বন্ধ করা হয়েছে নাগেরহাট কমিউনিটি ক্লিনিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 07:23 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

সোমবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামে এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হবার পর উপজেলা প্রশাসন এ ব্যবস্থ্য নেয়।

এছাড়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে নাগেরহাট কমিউনিটি ক্লিনিক।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান গ্রামটি ঘুরে এসে বলেন, “কয়েকদিন আগে নারায়নগঞ্জ থেকে পালিয়ে আসা এক ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত বলে সোমবার আইইডিসিআরের রিপোর্ট থেকে জানতে পারি।

“পরে গ্রামটিতে গিয়ে ওই ব্যক্তির সংস্পর্শে আসা ছয়টি পরিবারকে বাড়িতেই আইসোলেশনের ব্যবস্থা করেছি।”

তিনি জানান, এছাড়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় ওই গ্রামের কমিউনিটি ক্লিনিকের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও তার পরিবারকেও আইসোলেশনে নেওয়া হয়েছে।

“অন্য কোনো ডাক্তার না থাকায় আপাতত সাময়িকভাবে ওই গ্রামের কমিউনিটি ক্লিনিকটিও বন্ধ করে দেওয়া হয়েছে।”

করোনাভাইরাস শনাক্ত রোগীকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

রোববার পর্যন্ত লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ২৪ জন রোগীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১৯টির রিপোর্টের মধ্যে গত ১১ এপ্রিল পাঠানো নাগেরহাটের এক ব্যক্তি করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। বাকি ১৮ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। পাঁচজনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি এসব তথ্য স্বাস্থ্য বিভাগ জানায়।