বগুড়ায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম, বিশৃঙ্খলার অভিযোগ
বৈশ্বিক করোনাভাইরাসের মহামারীর মধ্যে কর্মহীন হওয়া মানুষের জন্য ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রিতে বগুড়ায় ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও জেলার ১০৮টি ইউনিয়নে এসব পণ্য বিক্রির কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে সরেজমিনে দেখা গেছে; স্থানীয়ভাবেও অভিযোগ পাওয়া গেছে।
এ কারণে অনেককে ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেও পণ্য না কিনে চলে যেতে হচ্ছে। বিশেষ করে নারী ও বয়স্ক লোকজন সীমাহীন ভোগান্তিতে পড়ছেন।
সকাল ৯টা থেকে পণ্য বিক্রির কথা থাকলেও টিসিবির পণ্য নিয়ে ট্রাক আসছে কখনও ১টা, কখনও ২টায়। সকাল ৮টা থেকে প্রখর রোদে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন। ডিলাররা কখনও কখনও স্থান পরিবর্তন করে একটু দূরে নিয়ে যাওয়ায় ক্রেতাদের ট্রাকের পিছে দৌড়াতে দেখা গেছে। অনেক বৃদ্ধ নারী পূরুষ দৌড়াতে না পেরে বাধ্য হয়েই ফিরে যাচ্ছেন। পণ্য বিক্রির আগে লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতারা মানছেন না সামাজিক দূরত্ব। লাইনেও শৃংখলা নেই। একই এলাকায় বারবার বিক্রি করায় সেখানে সুযোগ সন্ধানীরা বারবার পণ্য কিনছে।
ছবি-জিয়া শাহীন
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন জেলা শহরের একই স্থানে তিন ডিলার টিসিবির পণ্য বিক্রি করছে। উপজেলা পর্যায়েও বিক্রি করা হচ্ছে উপজেলা সদরে; ইউনিয়ন পর্যায়ে যাচ্ছে না তারা।
টিসিবির বগুড়া ক্যাম্প অফিস থেকে জানা যায়, বগুড়ায় ৭৩ জন, সিরাজগঞ্জে ৪২ জন, জয়পুরহাটে ১২ জন, নওগাঁয় ৫৫ জন ও গাইবান্ধায় ৫৮ জন মিলে মোট ২৪০ জন ডিলার রয়েছেন।
ছবি-জিয়া শাহীন
অন্যদিকে বেশকিছু ডিলারের অভিযোগ, টিসিবির লোকজন তাদের ইচ্ছামতো ডিলার দিয়ে মালামাল বিক্রি করছে। বিভিন্ন উপজেলায় ডিলার থাকলেও অন্য উপজেলার ডিলার দিয়ে মালামাল বিক্রি চলছে।
বগুড়া শহরের চকসূত্রাপুরের ৪ নম্বর ওয়ার্ডের জহির উদ্দিন, হাফিজা খাতুনসহ অনেকের সঙ্গে কথা হয়।
তারা বলেন, তাদের ওয়ার্ডে কোনো টিসিবির পণ্য বিক্রি হয়নি।
ছবি-জিয়া শাহীন
বগুড়া শহরের রহমান নগর এলাকার আব্দুল লতিফসহ কয়েকজন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সার্কিট হাউজের সামনে থাকলেও মাল শেষ হওয়ায় পাননি তারা। পাঁচ দিন আগেও দাঁড়িয়ে পাননি; ওই সময় গাড়ি সার্কিট হাউজের কাছ থেকে সাতমাথায় চলে যায়।
মালতিনগর এলাকার সাথাওয়াত হোসেন বলেন, সার্কিট হাউজের কাছ থেকে সাতমাথায় গাড়ি চলে গেলে তিনি দৌড়ে সেখানে যান; কিন্তু গিয়েও পাননি।
বনানী এলাকার বৃদ্ধা নছিমন বলেন, “রোববারে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। পরে দুপুর দেড়টায় টিসিবির গাড়ি এসে পর্যটন মোটেলের সামনে দাঁড়ায়। সেখানে লাইনে দাঁড়ালে হঠাৎ করে গাড়ি চলে যায় সুলতাগঞ্জ হাটে। অনেকে দৌড়ে গেলেও অনেকের মতো আমিও যেতে পারিনি।”
আফসার আলী নামের আরেকজন বলেন, “দুপুরের পর টিসিবির গাড়ি আসে। লাইনে দাঁড়িয়েছিলাম। বিকাল ৪টার দিকে গাড়ি থেকে জানানো হয়- ‘আর মাল বিক্রি করা হবে না, কাল দেওয়া হবে;’ একথা বলে গাড়ি নিয়ে চলে যায় তারা।”
ছবি-জিয়া শাহীন
“এ সময় মোটরসাইকেলসহ মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়।”
টিসিবির ডিলার মেসার্স ববিতা রানী বর্মণের দৈনিক বরাদ্দ চিনি ১৫০০ কেজি, মসুল ডাল ১৫০ কেজি, সয়াবিন তেল ১৫০০ লিটার, ছোলা ৫০০ কেজি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ডিলারের এক কর্মচারী বলেন, “মাল কম, লোক বেশি। তাই বনানী মোড় থেকে গাড়ি নিয়ে সটকে পড়েছি। এখন সুলতানগঞ্জ হাট থেকে মাল দিচ্ছি।”
টিসিবির বগুড়া ক্যাম্প অফিসের ভারপ্রাপ্ত প্রধান জামাল উদ্দিন বলেন, বেশিরভাগ ডিলার মালামাল না উঠানোর কারণে অন্য উপজেলার ডিলারদের দিয়ে মালামাল বিক্রি করা হচ্ছে। মাল বিতরনের জন্য স্থানীয় নির্বাহী কর্মকর্তা স্থান নির্ধারন করবেন। সেখানে শৃংখলা বজায় রাখার জন্য আ্ইনশৃংখলা বাহিনীর সহায়তা নেবে। ব্যাংকে টাকা জমা নিতে বিলম্ব করায় মালামাল বিতরণেও বিলম্ব হচ্ছে।
তিনি বলেন, “পন্যের কোনো ঘাটতি নেই। আমরা পহেলা এপ্রিল থেকে শুরু করেছি, আগামী ২০ এপ্রিল পর্যন্ত দিতে পারব।”
ছবি-জিয়া শাহীন
ট্রাস্ট ব্যাংক বগুড়ার মাঝিড়া শাখার ম্যানেজার (অপারেশন) হাফিজুর রহমান বলেন, টিসিবির মালামাল উঠানোর জন্য ট্রাস্ট ব্যাংকে টাকা জমা দিতে হয়। অগ্রাধিকার ভিত্তিতে তাদের টাকা আগে জমা নেওয়া হয়।
“কিন্তু তারা দেরিতে আসে। এমনও দেখা গেছে দুপুর সাড়ে ১২টায় ব্যাংক বন্ধ হলেও তারা পরে টাকা জমা দিতে আসে।”
তিনি আর্ও বলেন, একদিন আগেও টাকা জমা দেওয়া যায়। কিন্তু তা করে না। ব্যাংকের উপর দোষ দেওয়াটা সঠিক নয়।”
