২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হ্যালো, ডা. অখিল বলছেন?’

“হ্যালো ডা. অখিল সরকার বলছেন। আমি শিবচর থেকে ...বলছি। আমার স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই”- গত কয়েক দিন ধরে মোবাইলে এমন ফোন পাচ্ছেন এবং শত শত রোগীকে স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2020, 05:15 PM

Updated : 08 Apr 2022, 12:31 AM

ডা. অখিল সরকার বলেন, গত এক সপ্তাহ ধরে মাদারীপুরের শিবচরসহ পুরো জেলা করোনাভাইরাস আতঙ্কে এক রকম জনশূন্য হয়ে পড়েছে। বিরাজ করছে থমথম পরিস্থিতি।

“প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। এছাড়া চিকিৎসক ও নার্সরাও করোনাভাইরাস ঝুঁকিতে থাকায় রোগী দেখাও আশঙ্কাজনকভাবে কমে গেছে। তাই এমন অবস্থায় ঘরে বসে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যগত পরামর্শ দেওয়ার ঘোষণা ফেইসবুকে দেওয়ার পর থেকে প্রচুর মানুষ মোবাইল ফোন ও ফেইসবুকে যোগাযোগ করে পরামর্শ নিচ্ছেন।”

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার বাসিন্দা রঞ্জন মল্লিক বলেন, শহরের সমস্ত ক্লিনিকে ডাক্তাররা রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। হাসপাতালে গেলেও ডাক্তারদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। তাই ডা. অখিল সরকার মাদারীপুরবাসী দিনরাত ২৪ ঘণ্টা মোবাইলফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন।

“আমিও তার কাছে ফোন করে পরামর্শ নিয়েছি।”

একই ধরনের কথা বললেন সেরনিয়াবাত সেন্টু, মনি হালদারসহ বেশ কয়েকজন।

মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবসিক মেডিকেল অফিসার অখিল সরকার জানান, সামান্য সর্দি, কাশি, জ্বর হলেও মানুষজন হাসপাতালে ছুটে আসছেন। এতে করোনাভাইরাস আতঙ্কে অন্য রোগীদের মারাত্মক সমস্যা হচ্ছে। একথা বিবেচনা করে এ ধরনের রোগীদের মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“এতে একদিকে রোগীদের যেমন সময় বাঁচবে, তেমনই করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকিও কম থাকবে।”

তাই যে কোনো স্বাস্থ্যগত পরামর্শেও জন্য ০১৯১৪-০৯৩৯৪১ -এ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।

মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানিয়েছেন, নভেল করোনাভাইরাস প্রতিরোধে জেলায় এখন পর্যন্ত ৬২১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যাদের মধ্যে ২৮৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

“এখন পর্যন্ত মাদারীপুরের ১০ জন করোনাভাইরাস (কভিড-১৯) রোগে আক্রান্ত হয়েছেন।”

মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে সরকারি হিসেবে চারজন এতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নতুন ছয়জনকে নিয়ে দেশে ৩৯ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; যাদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।