করোনাভাইরাস: কোয়ারেন্টিনে না থাকায় ১৪ জেলায় জরিমানা
কোয়ারেন্টিনে থাকা সরকারি নির্দেশনা না মানায় ১৪ জেলায় বিদেশফেরত ১৯ জনকে জরিমানা করেছে প্রশাসন।
বুধবার নওগাঁ, গাজীপুর, জামালপুর, লালমনিরহাট, মাদারীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, পটুয়াখালী, পিরোজপুর, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ, সুনামগঞ্জ ও টাঙ্গাইলে এসব জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জে তিনজন, মাদারীপুরে দুইজন, পিরোজপুরে দুইজন এবং অন্য জেলাগুলোয় একজন করে।
গাজীপুর
জেলায় সাইপ্রাসফেরত এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরার ভ্রাম্যম্যাণ আদালত।
ইউএনও মোসা. ইসমত আরা বলেন, সাইপ্রাস থেকে গত ১১ মার্চ এই ব্যক্তি তার গ্রামের বাড়ি সাফাইশ্রী এলাকায় ফেরেন। পরে তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাঘুরি করছিলেন।
“গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে (৩৫) জরিমানা করা হয়েছে এবং হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।”
নজরদারি করতে তার বাসায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুরে মেঘডুবী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৩৬ জন এবং গাজীপুরের বিভিন্ন উপজেলায় আরও ১০ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
জামালপুর
জেলায় সৌদি আরবফেরত এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান জানান, ২২ বছর বয়সের ওই নারী গত শনিবার সৌদি আরব থেকে দেশে ফেরেন। গ্রামের বাড়ি আসার পর বাইরে প্রকাশ্যে ঘুরছিলেন।
“পরে জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে ১৪ দিন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।”
জেলায় বুধবার পর্যন্ত বিদেশফেরত মোট ২৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে বলে তিনি জানান।
লালমনিরহাট
হোম কোয়ারেন্টিনের নির্দেশনা না মানায় লালমনিরহাটে কানাডাফেরত এক ব্যক্তিকে আট হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগের ভ্রাম্যমাণ আদালত।
শহিদুল ইসলাম জানান, জেলা শহরের বছিরটারীর ওই ব্যক্তি (৭০) ও তার স্ত্রী চলতি মাসের ১৩ তারিখ কানাডা থেকে নিজ বাড়ি আসেন।
“তিনি গতকাল তার গ্রামের বাড়ি হাতীবান্ধা যান এবং মসজিদে নামাজ পড়তে যান। খবর পেয়ে সদর থানা পুলিশসহ তার বাড়ি গিয়ে ভ্রাম্যমাণ আদালতে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।”
মাদারীপুর
কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করায় মাদারীপুরে এক স্পেনফেরতকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং এক ইতালিফেরতকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এছাড়া মাদারীপুরে ২২০ জন হোম কোয়রেন্টাইনে রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
কালকিনি ইউএনও আমিনুল ইসলাম বলেন, হোম কোয়ারেন্টিন বিধি মেনে না চলায় পাঙ্গাশিয়া গ্রামের এক স্পেন ফেরত ও এক ইতালিফেরত যুবককে সাজা দেওয়া হয়েছে।
মাদারীপুর সিভিল সার্জন শফিকুল ইসলাম জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত ২২০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
মানিকগঞ্জ
মানিকগঞ্জের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফিরোজ মাহমুদ ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন।
ইউএনও বলেন, গত ৯ মার্চ উথলী ইউনিয়নের ধূসর জাফরগঞ্জ গ্রামের বাড়িতে আসেন ইরাকপ্রবাসী এই ব্যক্তি। নির্দেশনা অনুযায়ী তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাঘুরি করছিলেন।
“আজ বিকালে ওই বাড়ি গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।”
নওগাঁ
নওগাঁয় বিদেশ থেকে আসা দুই জনকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে জেলার সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে কাতার ফেরত এক ব্যক্তির সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন কোয়ারেন্টিন না মানায় তাকে এ সাজা দেন।
এছাড়া ধামইরহাট উপজেলায় বিদেশ ফেরত আরও একজনকে মঙ্গলবার রাতে এক হাজার টাকা জরিমানা করেন র্নির্বাহী অফিসার গণপতি রায়।
মুন্সীগঞ্জ
গজারিয়া উপজেলায় হোম কোয়ারেন্টিনের নির্দেশনা না মানায় সৌদি আরব ফেরত এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত ৯টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের যষ্ঠিতলা এলাকার এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ইমাম রাজী টুলু বলেন, ওই যুবক বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল। বাড়িতে নিজ কক্ষে না থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও মেলামেশা করছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আলাদা স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ জানান, মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী গত ১৪ ও ১৫ মার্চে মুন্সীগঞ্জে মোট ২৪ জন প্রবাসী দেশে ফিরেছেন। মাঠ পর্যায়ের সহকর্মীদের সহায়তায় তাদের হোম কোয়ারেন্টিন করার ব্যবস্থা করা হচ্ছে। কেউ হোম কোয়ারেন্টিন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ
হোম কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশনা না মেনে ঘোরাফেরার করার দায়ে তিন প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে এক ইতালী ফেরতসহ ৬ প্রবাসীর বাড়িতে অভিযান চালায় ইউএনও শুক্লা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
“গত সাত দিন সৌদিয়া আরব থেকে দেশে এসে হোম কোয়ারেন্টিনে না থেকে এলাকায় ঘোরাফেরা করছেন এক ব্যক্তি। এ কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
এদিকে, সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত আরও দুই প্রবাসীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেটে।
সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদা বারিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালায়।
পরে তাদের ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনসহ স্থানীয় এলাকাবাসী ও পরিবারের জিম্মায় হোম কোয়ারেন্টিন শেষ করতে বলা হয়।
ময়মনসিংহ
জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার এক যুবক সাত দিন আগে দুবাই থেকে ফেরা এক যুবক বুধবার দুপুরে লক্ষ্মীগঞ্জ বাজারে এক সেলুনে বসে আড্ডা দিচ্ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, বাজারের সচেতন কয়েকজন ব্যবসায়ী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পটুয়াখালী
পটুয়াখালীতে ভারত থেকে ফিরে হোম কোয়ারেন্টিনে না থাকায় এক ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী এই সাজা দেন।
পিরোজপুর
পিরোজপুর সদর উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থাকায় ওমান ও সৌদিআরব থেকে আসা দুই ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
সাতক্ষীরা
হোম কোয়ারেন্টিনের শর্ত না মেনে প্রকাশ্যে চলাফেরা করায় মালদ্বীপ ফেরত এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, বিকালে কোয়ারেন্টিনে থাকার বিষয়ে সদ্য বিদেশ ফেরত এই যুবকের বাড়িতে তদারকি করতে গিয়ে তাকে বাড়িতে পাওয়া যায়নি।
“এ সময় তার পরিবারের সদস্যদের দিয়ে ফোন করিয়ে তাকে বাড়িতে ফেরত এনে জিজ্ঞাসাবাদ করলে সে ১৫ মার্চ দেশে ফিরেছে বলে স্বীকার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে হোম কোয়ারেন্টিনের শর্ত না মেনে প্রকাশ্যে চলাফেরা করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”
সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা না মেনে চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত এক প্রবাসীকে জরিমানা করেছে।
ছাতকের ইউএনও মো. গোলাম কবির ভ্রাম্যমাণ বসিয়ে তাকে সাজা দেন।
ইউএনও গোলাম কবির বলেন, হাসনাবাদ গ্রামের প্রবাসী গত ১২ মার্চ সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়।
“কিন্তু হোম কোয়ারেন্টিনে থাকতে রাজি না হওয়ায় তাকে জরিমানা করা হয়েছে।”
টাঙ্গাইল
গোপালপুরে সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপালপুর ইউএনও বিকাশ বিশ্বাস এ দণ্ডাদেশ দেন বলে গোপালপুর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান।
