২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব প্রকল্পে চীনফেরত কর্মীরা পর্যবেক্ষণে

দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের মধ্যে যারা সম্প্রতি তাদের দেশে ঘুরে এসেছেন তাদের সবাইকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

এবং বরিশাল ও ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2020, 08:54 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানিয়েছেন।

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটা সতর্কতামূলক ব্যবস্থা। তারা নিজেদের বাসায় থাকছেন। তবে অন্য চায়নিজ ওয়ার্কারদের সঙ্গেও তাদের মিশতে দেওয়া হচ্ছে না। তাদের চিকিৎসকরাই তাদের দেখছেন। সব বিষয়ে আমাদের সার্বক্ষণিক জানাতে বলা হয়েছে।”

বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ২০ চীনা নাগরিককে আলাদা একটি ভবনে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তাদের মধ্যে ১৭ জন গেল ৩০ জানুয়ারি, দুইজন ২৩ জানুয়ারি এবং একজন ২৬ জানুয়ারি বাংলাদেশে এসেছেন। চীনে এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের ‘কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে বলে জানান শ্যামল কৃষ্ণ মণ্ডল।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্যাসভিত্তিক দুটি পাওয়ার প্ল্যান্টের চীনা নাগরিকদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মহিবুল্লাহ।

প্রয়োজন হলে ব্যবহারের জন্য ভোলা সদর হাসপাতালে একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ২৯ জানুয়ারি জানিয়েছিলেন, পদ্মা সেতু প্রকল্পে কর্মরত দেশটির ৩৫ কর্মীকে নজরদারিতে রাখা হয়েছে। দেশে ছুটি কাটিয়ে এসে ১৮ জানুয়ারির পর তারা কাজে যোগ দিয়েছিলেন।

চীনের উহান শহরে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। এরপর এক মাসে ৩৬২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছড়িয়েছে।

নভেল করোনাভাইরাসের কোনো টিকা বা ভ্যাকসিন এখনো তৈরি হয়নি। ফলে আপাতত নিরাপদ থাকার একমাত্র উপায় হল, যারা ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন বা এ ভাইরাস বহন করছেন- তাদের সংস্পর্শ এড়িয়ে চলা এবং কিছু স্বাস্থ্য বিধি ও পরিচ্ছন্নতার নিয়ম মেনে চলা।

এ ভাইরাস অন্যান্য দেশে ছড়াতে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক সতর্কতা জারি করেছে। বাংলাদেশ সরকারও ইতোমধ্যে ৩১২ জনকে উহান থেকে ফিরিয়ে এনে ঢাকায় পর্যবেক্ষণে রেখেছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার এক সংবাদ সম্মেলনে জানান, চীনা নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করেছে বাংলাদেশ। বৈশ্বিক জরুরি অবস্থা থাকাকালে, বিশেষ করে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে থাকা কোনো চীনা নাগরিক যেন ছুটিতে দেশে না যান এবং বাংলাদেশে চলামান চীনের বিভিন্ন প্রজেক্টে চীন থেকে যেন নতুন করে কোনো লোক আনা না হয়, সে বিষয়ে চীনা রাষ্ট্রদূতকে বলা হয়েছে।

পুরনো খবর:

করোনাভাইরাস: পদ্মা সেতু প্রকল্পে ৩৫ চীনা কর্মী নজরদারিতে
বাংলাদেশে চীনাদের ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা স্থগিত