ময়মনসিংহের সেই ঝলসে যাওয়া বানর এখন সাফারি পার্কে
ময়মনসিংহের পল্লী বিদ্যুতের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যাওয়া তিনটি বানরকে চিকিৎসা দিতে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে।
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুরে বনের এসব বানর উদ্ধার করে শুক্রবার রাতে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন বিভাগের কর্মীরা।
এর আগে অন্তত ১০টি বানর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় বলে বন বিভাগকে উদ্ধৃত করে খবর হয়েছিল।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, বানরগুলো আনার সময় তারা গুরুত্ব আহত তিনটি আহত বানরই খুঁজে পেয়েছেন।
উদ্ধারের সময় অন্য বানরগুলোর খোঁজ তারা পাননি বলে জানান তিনি।
“সন্তোষপুর এলাকার সংরক্ষিত বনাঞ্চলের পাশ দিয়ে বিদ্যুতের নতুন সঞ্চালন লাইন স্থাপন করায় বনের বানরগুলো বিদ্যুতায়িত হয়ে আহত হচ্ছে খবর দৃষ্টিগোচর হওয়ায় এ বানরগুলোকে উদ্ধার করে চিকিৎসার নির্দেশ দেন কর্তৃপক্ষ।
“এর প্রেক্ষিতে বৃহস্পতি ও শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ওখান থেকে আহত তিনটি বানরকে ‘ট্রাঙ্কুলাইজ’ করে ধরে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া হয়েছে।”
চিকিৎসায় বানরগুলো সুস্থ হয়ে উঠার পর আগের জায়গায় সেগুলোকে ফের ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইম জানান, এ বানরগুলোর অধিকাংশই বিদ্যুতায়িত হয়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
“ইতিমধ্যে পার্কের প্রাণী চিকিৎসা কেন্দ্রে বানরগুলোর চিকিৎসা শুরু হয়েছে।”
এদিকে বানরগুলোর নিরাপত্তার কথা চিন্তা করে বিদ্যুৎ কর্তৃপক্ষও উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মকবুল হোসেন বলেন, ইতিমধ্যেই বনাঞ্চলের প্রায় পাঁচশ মিটার এলাকায় বিদ্যুতের উন্মোক্ত তার পরিবর্তন করে কাভার্ড তার দেওয়া হয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, উদ্ধারকৃত বানরগুলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণী চিকিৎসার কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বানরগুলো দ্রুত সুস্থ হয়ে উঠবে আশা প্রকাশ করে তিনি বলেন, “তাদেরকে আপন স্থানে ছেড়ে দেওয়া হবে।”
