সিরাজগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক জেলহাজতে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লাপাড়া থানার ওসি মীর শাহীনশাহ পারভেজ বলেন, ইকবাল হোসেন নামে এই শিক্ষককে তারা গ্রেপ্তার করার পর শনিবার আদালতের নির্দেশে জেলহাজতে পাঠান।
ইকবাল উপজেলার কয়ড়া ইউনিয়নের দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তার বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে, ইকবাল দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের ২৮ বছর বয়সী এক নারীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার ওই নারী উল্লাপাড়ায় আসলে স্থানীয় চক্ষু হাসপাতালের সামনে তাকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন।
এ ঘটনায় ওই নারী থানায় মামলা করলে পুলিশ ব্যবস্থা নেয় বলে জানান ওসি শাহীনশাহ।
