২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন আনতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্র ফয়সাল

লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে অন্যদের সঙ্গে নিহত হয়েছেন ফয়সাল খান, যিনি বেতনের টাকা তুলতে কয়েক মিনিট আগে কর্মস্থলে গিয়েছিলেন।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 12:02 AM

Updated : 18 Aug 2022, 06:16 PM

রোববার ওই কারখানায় আগুনে ফয়সালসহ দশজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন।

কলেজছাত্র ফয়সাল সেখানে খণ্ডকালীন চাকরি নিয়েছিলেন। লেখাপড়ার বিঘ্ন হচ্ছিল বলে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেন। চাকরি ছাড়ার আগে সেখানে বেতন নিতে গিয়েছিলেন। 

ফয়সাল খান (২০) গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী গ্রামের সাইফুল খানের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে ফয়সাল ছিলেন বড়। বোন কণিকা এবার এইচএসসি পরীক্ষার্থী। 

ফয়সালের খালাত ভাই নাহিদ নূর আসাদ বলেন, ফয়সাল খান গাজীপুর নগরীর কাজী আজিম উদ্দিন কলেজের স্নাতক (সম্মান) ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বাবা সাইফুল খান বর্গা চাষি।

“বই কেনার টাকা না থাকায় দেড় মাস আগে ফয়সাল ওই ফ্যান কারখানায় চাকরি নিয়েছিলেন। এদিকে চাকরি করতে গিয়ে তার লেখাপড়া বিঘ্নিত হচ্ছিল বলে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।”

আসাদ বলেন, দূর্ঘটনার দিন রোববার বিকালে বেতন দেওয়ার কথা ছিল। সকালেও তিনি ওই কারখানায় চাকরি করে ছুটি নিয়ে দুপুরে কলেজ গিয়েছিলেন। কলেজ সেরে তিনি বাড়ি ফেরেন।

“পরে বেতনের টাকা নিতে ছুটির চার মিনিট আগে কারখানায় গিয়েছিলেন ফয়সাল। মার কাছে তিনি বলে এসেছিলেন বেতন তুলে নিয়ে তিনি এ চাকরি ছেড়ে দেবেন।”

ফয়সালের মৃত্যুতে পরিবারের সঙ্গে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নির্বাক হয়ে যাওয়া বাবা-মাকে যেন সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছেন না এলাকাবাসী।

পুরনো খবর:

লাক্সারি ফ্যান কারখানার অনুমোদনই ছিল না