আশুলিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
ঢাকার আশুলিয়ায় এক নারীকে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, মামলার পর মঙ্গলবার রাতে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার মাইন উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩০) ও ঢাকার ধামরাই থানার কামারপাড়া গ্রামের বদর উদ্দিনে ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
এ ঘটনায় ওই দুইজনসহ চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, নাটোরের গুরুদাসপুর এলাকার এই নারী তার স্বামীর সঙ্গে আশুলিয়ার বড় রাঙ্গামাটি এলাকার সাগর মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় কাজ করতেন। মাস পাঁচেক ধরে তিনি বেকার। মঙ্গলবার দুপুরে তাকে তাকে চাকরি দেওয়ার কথা বলে এলকার মাইন উদ্দিনের বাড়িতে ডেকে নেন সোহেল (৩০) নামে এক ব্যক্তি। ওই বাড়ির একটি কক্ষে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন বাড়ির মালিকের ছেলে মিজানুর রহমান, তার সহযোগী দেলোয়ার ও আব্দুর রাজ্জাকসহ আরও তিনজন। পরে সোহেল ওই নারীকে তাদের কক্ষে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দেন। এ সময় রাজ্জাক ওই নারীর মুখে চেপে ধরে রাখেন আর মিজান ও দেলোয়ার তাকে ধর্ষণ করেন। ধর্ষণের কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে ওই নারীকে ছেড়ে দেন তারা।
পরিদর্শক জাবেদ বলেন, চারজনের বিরুদ্ধে থানায় মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। অন্য দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
