মামলায় সাক্ষ্য না দেওয়ায় ঝালকাঠির এসআইকে জেল-জরিমানা
আদালতে গিয়ে সাক্ষ্য না দেওয়ায় ঝালকাঠি সদর থানার সাবেক এসআই টিপু লাল দাসকে জেল-জরিমানা করেছে আদালত।
বুধবার তাকে সাত দিনের কারাদণ্ড ও ২৫০ টাকা জরিমানা করার এই রায় ঘোষণা করেন ঝালকাঠির নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক শেখ মো. তোফায়েল হাসান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের ৪ নভেম্বর ঝালকাঠি সদর থানার পোনাবালিয়া উপজেলার ভাওতিতা গ্রামে নাসিমা আক্তার (৪০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়।
“এ ঘটনায় সুরাতহাল প্রতিবেদন তৈরি করেন ঝালকাঠি সদর থানার তৎকালীন এসআই টিপু লাল দাস। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ওই বছর ১১ নভেম্বর নাসিমার ভাই মো. আলম হোসেন নাসিমার স্বামী রফিক মল্লিক ও দেবর সুলতান মল্লিককে আসামি করে ঝালকাঠি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।”
হত্যা মামলাটি ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এ বিচারাধীন।
আইনজীবী আলম বলেন, “এসআই টিপু সুরাতহাল প্রতিবেদন তৈরি করায় আদালত তাকে একাধিকবার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের মাধ্যমে সাক্ষ্য দিতে আদালতে হাজির হতে সমন জারি করে।
“সর্বশেষ গত ১৬ অক্টোবর পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় পটুয়াখালী জেলার পুলিশ সুপারের মাধ্যমে নোটিশ পাঠায়। তবু বুধবার মামলা শুনানির দিন এসআই টিপু আদালতে হাজির না হওয়ায় আদালত তাকে সাত দিনের কারাদণ্ড ও ২৫০ টাকা জরিমানা করে।”
