বাবার মটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
দিনাজপুরে বাবার সাথে মটরসাইকেলে করে যাওয়ার সময় ছিটকে পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত শিশু আরাধনা রানী (৬) দিনাজপুর সদর উপজেলার উথরাইল গ্রামের নরেশ চন্দ্রের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের উদাধৃত করে বিরল থানার ওসি গোলাম রসুল জানান, বাবা নরেশ চন্দ্র তার মেয়ে আরাধনাকে মটরসাইকেলে চড়িয়ে পূজা দেখাতে নিয়ে যাচ্ছিলেন।
“আরাধনা মটরসাইকেলে বাবার পেছনে বসে ছিল।
“বাবা নরেশ চন্দ্রের দ্রুতগতিতে চলানো মটরসাইকেলটি বিরলের বর্ডহাট নামক স্থানে সড়কের এবড়োখেবড়োতে পড়ে হঠাৎ ঝাঁকি লাগলে আরাধনা ছিটকে পড়ে।”
মটরসাইকেল থেকে রাস্তায় পড়ে মাথায় আঘাতে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান ওসি।
