২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে যুবলীগ নেতা আটক

গাইবান্ধায় পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে এক যুবলীগ নেতা আটক হয়েছেন। এছাড়া এ ঘটনায় এক পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 10:04 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান বলেন, সরকারি কাজে বাধা দেওয়া ও দলবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগে তাকে আটক করা হয়।

এছাড়া একই ঘটনায় ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক নওয়াবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করার কথা জানিয়েছেন জেলার পুলিশ সপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

পুলিশ সপার বলেন, “তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী জানান, মঙ্গলবার ধাপেরহাটের পালানপাড়ার এক গৃহবধূ পারিবারিক দ্বন্দ্বে জেরে বাবার বাড়ি যাওয়ার উদ্যোগ নেন। এ বিষয়ে তার স্বামীর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ধাপেরহাট ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক রাব্বী শাহান পলাশ পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় এএসআই আজিজুর রহমান ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করতে গেলে পলাশ তার ফোন কেড়ে নেন। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশ তাকে আটক করে তদন্তকেন্দ্রে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওই পুলিশ তদন্তকেন্দ্র ঘেরাও করলে পুলিশ তিন রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে বলে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পলাশের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন পরিদর্শক নওয়াবুর রহমান।