টঙ্গীতে তক্ষকসহ একজন গ্রেপ্তার
বাড়িতে খাঁচায় তক্ষক রাখায় গাজীপুরের টঙ্গী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পশ্চিম থানা এলাকায় বুধবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আইয়ুব আলী (৪০) স্থানীয় মুদাফার খলিল মার্কেট কান্নার টেক এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মঞ্জুর রহমান বলেন, বেশ কিছুদিন আগে আইয়ুব আলী তক্ষক দুইটি প্রকৃতি থেকে ধরেন। বড় করে উচ্চমূল্যে বিক্রির জন্য তিনি তার বাসায় খাঁচায় আটকে লালনপালন করছিলেন।
তিনি বলেন, বন্যপ্রাণী আইনে এ ধরনের প্রাণী ধরা বা বিক্রি করা দণ্ডনীয়। গোপন সংবাদের বিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হকের নেতৃত্বে আইয়ুব আলীর ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়।
পরে তার ঘর থেকে ওই তক্ষক জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এসআই মঞ্জুর জানান।
বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, তক্ষক ধরা, মারা, ক্রয় ও বিক্রয় করা, আমদানি করা, আয়ত্তে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।
