‘চুরির অপবাদ ঢাকতে’ ভাইকে হত্যা চেষ্টার অভিযোগ
গাজীপুরে ‘চুরির অপবাদ ঢাকতে’ ছোট ভাইকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।
মঙ্গলবার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
গোসিঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, বড় ভাই (১৪) স্থানীয় গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং তার সহোদর ছোটো ভাই (৯) একই বিদ্যালয় সংলগ্ন একটি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র।
“সকাল ৯টার দিকে স্কুলে পৌঁছে দিতে বাড়ি থেকে ছোট ভাইকে নিয়ে রওনা দেন ওই কিশোর। বাড়ির সামান্য দূরে একটি পরিত্যক্ত পোলট্রি ফার্মের টয়লেটে নিয়ে ওই কিশোর ছোটো ভাইকে গলা কেটে হত্যার চেষ্টা করেন।”
রফিকুল ইসলাম জানান, এ সময় ছোটো ভাইয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরিবারের সদস্য ও ওই কিশোরের বরাত দিয়ে রফিকুল বলেন, তিন দিন আগে তাদের ফুফুর ঘর থেকে ১৭ হাজার টাকা চুরি করেন বড়ো ভাই। এ চুরির ঘটনা ছোটো ভাই দেখে ফেলেছিল। ছোট ভাই বাবাকে চুরির ঘটনা জানিয়ে দিবে বললে বড়ো ভাই এ ঘটনা ঘটায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফতেহ আকরাম বলেন, ধারালো কিছুর আঘাতে ওই শিশুর শ্বাসনালীর কিছু অংশ কেটে গেছে। হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার এসআই আশীষ কুমার দাস বলেন, ঘটনা সময় প্রত্যক্ষদর্শী কয়েকজন ঘটনাস্থলের পাশে বড়শীতে মাছ ধরছিলেন। এ সময় ছোটো ভাইয়ের চিৎকার শুনে ঘটনাস্থলের কাছে এসে লাল গেঞ্জি পরা এক ছেলেকে দৌড়ে পালাতে দেখেন। পরে ওই শিশুর বড়ো ভাই বাড়ি গিয়ে লাল গেঞ্জি খুলে নতুন শার্ট পরে ভাত খেতে বসে।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, ঘটনাস্থল থেকে একটি ব্লেড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
