সাংবাদিক শিমুল হত্যা মামলায় অভিযোগ গঠন ফের পেছালো
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ আবার পিছিয়েছে।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রোববার আগামী ২৫ অগাস্ট অভিযোগ গঠনের নতুন তারিখ ঠিক করে দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু বলেন, গত ৮ অগাস্ট মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। ওই দিন আসামি পক্ষের আইনজীবীর আবেদনে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৮ অগাস্ট নতুন তারিখ ধার্য করা হয়।
রোববার মামলার অভিযোগ গঠনের পূর্ব নির্ধারিত তারিখে শাহজাদপুর পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র হালিমুল হক মিরুকে কারাগার থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাব্যুনালে আনা হয়।এ সময় অন্য আসামিরাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবী একরামুল হক অভিযোগ গঠনের সময় পেছানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের নতুন তারিখ ২৫ অগস্ট নির্ধারণ করেন।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি মিরুর বাড়িতে হামলার সময় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে মিরুকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ ২৫ জন অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ একই বছরের ২ মে মিরু ও তার ভাই মিন্টুসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় মিরু কারাগারে থাকলেও বকি অপর ৩৭ জন উচ্চ আদালত থেকে জামিন পান।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
