২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে ঢাকা ও বরিশালে আরও তিন মৃত্যু

দেশের প্রায় সব জায়গায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বাড়ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 11:19 AM

Updated : 18 Aug 2022, 05:35 PM

মশাবাহীত এ রোগে মঙ্গলবার রাতে ঢাকায় মারা গেছেন কোহিনুর আক্তার (৩২) নামে পুলিশের একজন এসআই, যিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্বরত ছিলেন্।

এছাড়া বরিশালের গৌরনদীতে আলেয়া বেগম নামে ৫৩ বছর বয়সী এক নারী এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রবিউল ইসলাম রাব্বি নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে এ রোগে।

এসবির ডিআইজি (পলিটিক্যাল) মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোহিনুর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কয়েকদিন আগে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

“পরে সোমবার রাতে তাকে লালমাটিয়ার সিটি হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার রাত ১টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।”

কোহিনুর আক্তারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার ২০ মাস বয়সী একটি সন্তান আছে বলে জানান ডিআইজি মাহবুব হোসেন।

এদিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে বুধবার দুপুরে এক ডেঙ্গু রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান খান জানান, রবিউল ইসলাম রাব্বি নামের ২২ বছর বয়সী ওই যুবকের বাসা মিরপুর শেওড়াপাড়ায়।

“সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। সেখান থেকে আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”

বরিশালের গৌরনদী উপজেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীকে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলেয়া বেগম নামের ওই নারী উপজেলা সদরের আশোকাঠী এলাকার আব্দুল মান্নান ফকিরের স্ত্রী।

মৃতের স্বজনদের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহাবুব আলম বলেন, ঢাকা থেকে কয়েক দিন আগে গৌরনদীতে গ্রামের বাড়ি এসেই জ্বরে পড়েন আলেয়া।

“মঙ্গলবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।”

এবার বর্ষার শুরুতেই ঢাকায় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটে, এখন তা ছড়িয়ে পড়েছে দেশের অন্তত ৬০ জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬৯ জন, যাদের আটজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে সংবাদপত্রে আসা খবরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এ বছর অর্ধশত ছাড়িয়েছে।

পুরনো খবর:

ডেঙ্গু আক্রান্ত ১৫ হাজার ছাড়াল
জেগে ঘুমালে তো তুলতে পারব না: ডেঙ্গু নিয়ে হাই কোর্ট
ডেঙ্গু: স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল
ডেঙ্গু, মশা ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর