২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে খুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নিজের ঘরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক ব্যবসায়ী।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2019, 10:03 AM

Updated : 08 Apr 2022, 04:20 PM

নিহত আব্দুস সবুর (৩৭) হারদী গ্রামের মৃত পলান মণ্ডলের ছেলে। পানের ব্যবসার পাশাপাশি তিনি কৃষিকাজ ও গরু পালন করতেন।

শনিবার ভোররাতে ঘরে ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত করে সবুরকে খুন করে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। সকালে খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে।

আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে তিনি (সবুর) তার ঘরে ঘুমিয়ে ছিলেন, দরজা খোলা ছিল। পাশের কক্ষে স্ত্রী ঘুমিয়ে ছিলেন।

“রাত অনুমান ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে সবুরের মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। তার স্ত্রীর ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে রাখে।”

লোহার রড জাতীয় কিছু দিয়ে সবুরের মাথায় আঘাত করা হয়েছে।

কারা, কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের ধারণা, পূর্ব কোনো বিরোধের কারণে সবুরকে হত্যা করা হয়েছে।

ময়না তদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে এসআই জিয়া জানান।