গোপালগঞ্জের ছেলেধরা গুজবে কান না দেওয়ার পরামর্শ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ছেলেধরা গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।
প্রায় দুই সপ্তাহ ধরে এই উপজেলার গ্রামে-গঞ্জে এই গুজব ছড়িয়ে পড়েছে। এতে ভয়ে আছে অনেকে।
উপজেলার পরানপুর গ্রামের শিরিনা বেগম বলেন, “শুনেছি রোহিঙ্গারা বিভিন্ন গ্রামে গিয়ে সুযোগ বুঝে শিশুদের ধরে নিয়ে যাচ্ছে।”
উপজেলার রাতইল, ঘোনাপাড়া, সাজাইল, বুধপাশা, চরভাটপাড়া, খায়েরহাট, পিংগলিয়া, বরাশুর, পোনা, মাজড়া, বাট্টাইধোপা, ভাটিয়াপাড়া, রাজপাট, ফুকরা, পারুলিয়া ও ধানকোড়াসহ অনেক গ্রাম থেকে এমন সংশয়ের খবর পেয়েছেন গোপালগঞ্জের সাংবাদিকরা।
উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের বিজয় মল্লিক বলেন, “ছেলেধরার কথা শুনে আমার স্ত্রী সন্ধ্যার সাথে সাথে দরজা-জানালা আটকে বসে থাকে। ভয়ে রাতের বেলায় ঘরের বাইরে বের হয় না।”
তবে পুলিশ ভয়ের কিছু নেই বলে জানিয়েছে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, “আমরা এখন পর্যন্ত ছেলেধরার ঘটনার কোনো সত্যতা পাইনি। এটা সম্পূর্ণ গুজব।”
গুজবে কান না দেওয়ার জন্য সাবইকে অনুরোধ জানিয়েছেন তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, “ছেলেধরা—এসব সম্পূর্ণ গুজব। এর কোনো সত্যতা নেই। জেলার কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি।
“তবে কিছু রোহিঙ্গা জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। কোথাও রোহিঙ্গাদের দেখা গেলে পুলিশকে জানাতে বলা হয়েছে।”
