২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরপুত্রের চাঁদাবাজির সংবাদ শেয়ারে ‘প্রাণনাশের হুমকি’

রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়া লক্ষ্মীপুরের তাহেরপুত্র এ এইচ এম বিপ্লবের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার একটি সংবাদ ফেইসবুকে শেয়ার করায় এক ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 08:41 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুন্নবী সোহেল এই হুমকি পাওয়ার অভিযোগ তুলে সোমবার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু তাকে প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে অভিযোগ করা হয়।

জিডিতে বলা হয়, আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে বিপ্লবের বিরুদ্ধের ১০ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে শুক্রবার সদর থানায় একটি মামলা করেছেন জেলা শ্রমিক লীগের আহ্ববায়ক ঠিকাদার মামুনুর রশিদ।

এ ঘটনার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে মাহমুদুন্নবী সোহেল তার ফেইসবুকে গত রোববার (২৬ মে) সংবাদটি শেয়ার করেন।

অভিযোগে আরও বলা হয়, সংবাদটি শেয়ার করায় তাকে ফেইসবুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া সোমবার (২৭ মে) রাতে মোবাইল ফোনে (০১৭১৬-৬৪১১৩১ নম্বর থেকে) কল করে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও জিডিতে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায়।

বিপ্লবের বিরুদ্ধে জেলা শ্রমিক লীগের আহ্ববায়ক ঠিকাদার মামুনুর রশিদের অভিযোগ হলো- গত বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর শহরে যাওয়ার পথে তাকে ধরে তমিজ মার্কেট এলাকার পিংকি প্লাজায় নিয়ে যান বিপ্লব ও তার সহযোগীরা। তারা তার কাছে ঈদ খরচের জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারা হয়। পরে লোকজন জড়ো হলে তাকে ছেড়ে দেন।

এ এইচ এম বিপ্লব লক্ষ্মীপুরের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে।

লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে বিপ্লবের ফাঁসির রায় দিয়েছিল আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০১১ সালের এপ্রিলে আদালতে আত্মসমর্পণ করেন বিপ্লব।

এরপর প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি বিপ্লবের প্রাণদণ্ড মওকুফ করে দেন। পরে শিবির নেতা এ এস এম মহসিন হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করে দেন রাষ্ট্রপতি।

যাবজ্জীবন সাজা খাটার মধ্যেই ২০১৪ সালে লক্ষ্মীপুর কারাগারে বন্দি অবস্থায় টেলিফোনে বিয়ে করে আলোচনার জন্ম দেন তাহেরপুত্র বিপ্লব। সব মিলিয়ে সাড়ে সাত বছর কারাগারে কাটিয়ে ২০১৮ সালের ১০ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।

নুরুল ইসলাম হত্যার পর সারা দেশে আবু তাহের ও তার ছেলে বিপ্লবের নাম ছড়িয়ে পড়ে।

পুরনো খবর:

লক্ষ্মীপুরে ‘চাঁদার জন্য’ মারধরের অভিযোগ তাহেরপুত্র বিপ্লবের বিরুদ্ধে
লক্ষ্মীপুরে এবার তাহেরপুত্রের পক্ষে সংবাদ সম্মেলন