গাঁজা বিক্রির অভিযোগ, এসআই প্রত্যাহার
রাজশাহীর পুঠিয়া থানায় জব্দ করা গাঁজা বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠার পর এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
নওগাঁর এসপির নির্দেশে পুঠিয়া থানার এসআই মনিরুল ইসলামকে শুক্রবার প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান ওই থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ।
তবে একটি মামলার তদন্তে অবহেলার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।
ওসি জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে র্যাব-৫ এর একটি দল পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুরের মৃত শেখ ফরিদ হোসেনের ছেলে জহুরুল ইসলাম বকুল (৩০), গৌরাঙ্গ চন্দ্র সরকারের ছেলে শ্রী গণেশ চন্দ্র সরকার (৩৮) ও আনছার আলীর ছেলে শিমুল ইসলাম (৩০)।
তবে গাঁজা বিক্রির অভিযোগ এড়িয়ে গিয়ে ওসি বলেন, একটি মাদক মামলার তদন্তে ধীর গতি থাকায় এসআই মনিরুলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৭ এপ্রিল পুঠিয়া সদরে একটি কভার্ড ভ্যানে তল্লাশি করে ৯৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব-৫। ওই ঘটনায় র্যাব বাদী হয়ে ২৮ এপ্রিল পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, র্যাবরে ৯৬ কেজি গাঁজা উদ্ধারের মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় এসআই মনিরুল ইসলামকে। মামলার আলামত হিসেবে জব্দকৃত ৯৬ কেজি গাঁজা তদন্ত কর্মকর্তা মনিরুলের কাছে হস্তান্তর করে র্যাব।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, গত বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জহুরুল ইসলাম বকুল নামের একজন র্যাবকে জানান যে তারা এসআই মনিরুল ইসলামের কাছ থেকে এই পাঁচ কেজি গাঁজা কিনেছেন।
তবে গাঁজা বিক্রির কথা অস্বীকার করে মনিরুল ইসলাম বলেন, “তারা র্যাবের কাছে গ্রেপ্তার হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। মামলা থেকে বাঁচতে তারা আমার উপর দোষ চাপিয়েছে।”
