২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাদের মে দিবস অন্য দিনের মতই

যশোরের শার্শা উপজেলার টেংরা গ্রামের আশারত হোসেন নির্মাণ শ্রমিকের কাজ করে সংসার চালান। বুধবার মে দিবসের সকালেও তাকে কাজ শুরু করতে হয়েছে ভোর থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বোনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 04:20 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

মে দিবসের কথা বললেই তিনি প্রশ্ন করলেন- “মে দিবস কী আমাগো খাইবার দিব? কাজ না করলে পরিবার নিয়ে খামু কী?”

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা ১৮৮৬ সালে শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলন দমন করতে সেদিন গুলি চালানো হয়।

সেদিন ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে বিক্ষোভ। প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়।

১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়।

এরপর ১৮৯০ সাল থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখ পালিত হচ্ছে 'মে দিবস' হিসেবে।

মে দিবসে সরকারি ছুটির দিনে বুধবার সকাল থেকেই সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে শ্রমিকদের বিভিন্ন সংগঠন। কিন্তু শার্শার আশারতের মত অনেক শ্রমজীবী মানুষের কাছেই এ দিবস ভিন্ন কোনো অর্থ বহন করে না।

কাজে না গেলে টাকা মিলবে না; চুলায় হাঁড়ি চড়বে না, সন্তানদের লেখাপড়ার খরচ জোগাড় হবে না- এই চিন্তায় শ্রমিকের অধিকার আদায়ের দিনটিও তাদের কাটছে অন্যদিনের মত হাড়ভাঙ্গা খাটুনিতে।

সকালে শার্শার মাখলার বিলে কথা হয় টেংরা গ্রামের কৃষক মুজিবর রহমানের সঙ্গে। তিনি বললেন, “মে দিবস করলে কেউ টাকা দেবে? পেটে ভাত যাবে কীভাবে?”

১৫ বছর ধরে রাজমিস্ত্রির কাজ করছেন ওই গ্রামের মিজানুর রহমান। মে দিবসেও তার ছুটি নেই।

তিনি বললেন, “দুটো ছেলেমেয়ের লেখাপড়া করাচ্ছি। বসে থাকলে চলবে?”

পাঁচ বছর ধরে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সেই টাকায় পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সামটা গ্রামের শাহাবুদ্দিন। সাতক্ষীরা সিটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ছেন তিনি।

মে দিবসের প্রসঙ্গ তুলতেই শাহাবুদ্দিন বললেন, “আজ সরকারি ছুটি থাকায় পুরো দিন কাজের সুযোগ পেয়েছি। গরীব মানুষের আবার মে দিবস!”

শার্শার রিফা ব্রিকস নামের একটি ভাটায় ইট পোড়ানোর কাজটি করেন যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের তৌহিদুর রহমান। ৪০ বছর বয়সী তৌহিদ আট বছর ধরে এ কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, “যে টাকা মুজুরি পাই তা দিয়ে সংসারের খরচ জোড়াতালি দিয়ে চলে।কষ্ট হয় তারপরেও কাজ করি। আমাদের আর মে দিবস ।”

কথা হয় ভাটা শ্রমিক আছিয়া বেগমের সঙ্গে। তার ভাষায়, ইটভাটার কাজ জাহান্নামের আগুনে পোড়ার সমান।

“স্বামী আরেকটা বিয়া করছে। সন্তানদের মুখের দিকে তাকায়া আগুনে পুইড়াই কাজ করতে অয়।”
মে দিবস কী, সে বিষয়ে কোনো ধারণা নেই আছিয়ার। তিনি শুধু জানেন, এক দিন কাজ বন্ধ থাকলে খাওয়া জুটবে না।

শার্শার ঠিকাদার প্রতিষ্ঠান 'প্রগতি কনস্ট্রাকশন' এর শ্রমিকদের তত্ত্বাবধায়ক  নজরুল ইসলাম বলেন, “যে শ্রমিকদের পরিশ্রমের ফলে এই দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তাদের পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে।”

কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পরিশ্রমের টাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন বাড়ানো হলেও শ্রমিকদের সেই মানবেতর জীবনই যাপন করতে হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন তিনি।